আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে অবস্থিত আমেরিকান এন্ড এফার্ড (বাংলাদেশ) লিমিটেড নামের একটি সুতা কারখানার সামনে অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের নাগরিকদের চাকরিচ্যুত ও নিয়োগ না দেয়ার অভিযোগে কারখানার প্রধান গেইটে দুই শতাধিক স্থানীয় নারী-পুরুষ বিক্ষোভে অংশ নেয়।
চাকরিচ্যুত হামিদ হোসেন বলেন, কারখানাটি সিফট (ষ্টোর) সুপারভাইজার পদে নিয়োগ আহবান করলে আমার সিবি জমা দেয়া হয়।। পরে ইন্টারভিউ নেয়ার জন্য গত ১৪ তারিখ আমাকে যেতে বলেন। পরীক্ষা শেষে আমাকে পরদিন যোগদান করতে বলেন। ওইদিন গেলে এক্সিকিউটিভ অফিসার আমার বাড়ী বৈরাগ ইউনিয়নে জানার পর তিনি আমাকে চলে যেতে বলেন। নিয়োগে আমি যোগ্যতা সম্পন্ন হওয়ার পরেও স্থানীয় নাগরিক বলে আমাকে চাকরিতে নিয়োগ দেয়নি।
আলী আজাদ নামের এক অটোরিকশা চালক বলেন, সারা জীবন অটোরিকশা চালিয়ে ছেলেকে পড়ালেখা করিয়েছি। কারখানাটি চালু হওয়ার পর থেকে হাজার হাজার শ্রমিক নিয়োগ দিয়েছে, কিন্তু স্থানীয় বলে আমার ছেলের সিবি জমা দেওয়ার পরেও চাকরি দেয়নি। তাই আজ বাধ্য হতে নিজেদের অধিকার আদায়ের জন্য বিক্ষোভে অংশ নিয়েছি।
বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী বলেন, স্থানীয় চাকরিচ্যুত ও নিয়োগ না দেয়ার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবে বলে জানান।
কোরিয়ান ইপিজেড ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মুশফিকুর রহমান বলেন, আমেরিকান এন্ড এফার্ড (বাংলাদেশ) লিমিটেড নামের কারখানাটি তাদের নীতিমালা অনুযায়ী নিয়োগ দেন। নিয়োগে কোন পক্ষপাতিত্ব করা হয়নি। বিক্ষোভে অংশগ্রহণকারীদের সঙ্গে বৈঠক হয়েছে। এটা ভুল বুঝাবুঝি ছিল। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হবে।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী, ইউপি সদস্য ফরহাদ খান, রুমি আকতার, বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান বুলু, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিন মিয়া, আব্দুর রহমান, আবেদ হোসেন প্রমুখ।




