প্রদীপ দাশ, কক্সবাজার (সদর) প্রতিনিধি: কক্সবাজার শহরে অবৈধ করাত কলবিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এতে লাইসেন্স না থাকা সহ নানা অপরাধে তিনটি করাত কলকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডিত করাত কলগুলোর মধ্যে মেসার্স শফি স’মিল ও মেসার্স নুরুল হক স’মিলকে ১০ হাজার করে মোট ২০ হাজার ও মেসার্স সেলিম স’মিলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ।
মঙ্গলবার (১৩ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার সদর সহকারি কমিশনার (ভূমি)আরিফ উল্লাহ নিজামী এই দন্ড প্রদান করেন। এ সময় সহকারি বন সংরক্ষক শ্যামল কুমার ঘোষ, কক্সবাজার রেঞ্জ অফিসার সমীর রঞ্জন সাহা, সদর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানসহ সংশ্লিষ্টারা উপস্থিত ছিলেন।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ সরোয়ার আলম বলেন, লাইসেন্স নবায়ন না করায় অনেক করাত কল ইতিমধ্যে সিল গালা করা হয়েছে। মামলা দেওয়া হয়েছে অনেকের বিরুদ্ধে। লাইসেন্সবিহীন করাত কলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।




