নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হচ্ছে চাষাবাদের উপরিভাগের মাটি (টপসয়েল) ও পাহাড়। ফলে জমির মাটি ও পাহাড় কাটা বন্ধে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন লোহাগাড়া উপজেলা প্রশাসন। গত ১১ ফেব্রুয়ারি রবিবার মাটি ও পাহাড় কাটার বিষয়ে উচ্চতর আদালতের নির্দেশে উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
জমির মাটি ও পাহাড় কাটা বন্ধের সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে এক সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে। গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান। লোহাগাড়া উপজেলা প্রশাসন এ সভার আহ্বান করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: রাশেদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারি পরিচালক আফজাল হোসেন, লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম, সহকারি বন সংরক্ষক মোঃ দেলোয়ার হোসেন, পদুয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো: মঞ্জুর মোরশেদ, উপজেলাধীন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, শিক্ষক প্রতিনিধি ও ইউনিয়নের সহকারি ভূমি কর্মকর্তাগণ।
সভায় এলাকার মাটি ও পাহাড় কাটা বন্ধে একটি বাস্তবায়ন কমিটি ও মনিটরিং কমিটি গঠন করা হয়। সভায় মাটিকাটা ও পাহাড়কাটায় জড়িতদের কোন অবস্থাতেই ছাড় দেয়া হবে না বলে ঘোষনা করা হয় এ সভায়।
অপরদিকে ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালবেলা লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে জমির মাটি পাহাড় কাটা রোধে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চরম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দীন। অত্র ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় উপজেলা কৃষি কর্মকর্তার প্রতিনিধি, বন বিভাগের স্থানীয় প্রতিনিধি, ইউপি সদস্য-সদস্যাগণ, এলাকার ইটভাটা সমূহের মালিক ও গ্রামপুলিশসহ গণ্যমান্য ব্যক্তিগণ অংশগ্রহণ করেন।
সভায় এলাকার জমির মাটি ও পাহাড় কাটা বন্ধে কঠোর সিদ্ধান্ত নেয়া হয়। জানা গেছে পাহাড়বেষ্ঠিত চরম্বা ইউনিয়নে ১৬টি ইটভাটায় ইট উৎপাদন হচ্ছে।




