প্রদীপ দাশ, কক্সবাজার (সদর) প্রতিনিধি: মিয়ানমারে জাতিগত সংঘাত চলমান থাকার মধ্যেও দুইদেশের সীমান্ত এলাকা দিয়ে থেমে নেই মাদক পাচার। তারই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় সীমান্ত প্রহরী বিজিবি সদস্যরা পৃথক দুইটি অভিযান পরিচালনা করে ৩ লাখ ইয়াবা ১ কেজি ক্রিস্টাল মেথ আইচ উদ্ধার করতে সক্ষম হয়। তবে এ সময় কোন মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি বিজিবি।
শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক ক্যাপ্টেন কর্নেল মোঃ মহিউদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাত ১টার দিকে টেকনাফ সাবরাং ইউনিয়ন নাফ নদী সংলগ্ন যিনা হাল নামক এলাকা থেকে বস্তা ভর্তি ৩ লাখ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
অভিযান চলাকালীন সময়ে রাতের অন্ধকারে কয়েকজন মাদক কারবারী কৌশলে পালিয়ে যাওয়ার কারণে জড়িত কাউকে আটক করতে পারেনি। অপরদিকে, একইদিন ভোররাত ৩ টার দিকে বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে দাঙ্গাখালী একটি লবণের মাঠে মাদকের চালান লুকায়িত আছে।
উক্ত সংবাদ পেয়ে হ্নীলা ইউনিয়ন লেধা বিওপিতে কর্মরত বিজিবি সৈনিকরা রঙ্গি খালি এলাকায় আখতারুজ্জামান এর বাড়ি সংলগ্ন লবণ মাঠে তল্লাশি অভিযান পরিচালনা করে মাটির ভিতরে লুকিয়ে রাখা কালো পলিথিনে মোড়ানো ১ কেজি ওজনের এক প্যাকেট ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। তবে এই অভিযানেও কোন মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি অধিনায়ক আরো জানান, উদ্ধারকৃত মাদকের চালান গুলির সাথে জড়িত মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে বিজিবি গোয়েন্দা নজরদারি অভিযান অব্যাহত রয়েছে।




