চকরিয়া প্রতিনিধি : বালু দস্যুদের কারণে কৃষকের বাদাম ক্ষেত হুমকির মধ্যে মুখে পড়েছে। ফসলী জমি থেকে ডাম্পার দিয়ে বালু উত্তোলনের কারণে কৃষক পরিবারে স্বপ্ন যেন দু:স্বপ্নে পরিণত হয়েছে। এবারও তাদের উৎপাদিত ফসল ঘরে তুলছে পারছে না। স্থানীয় বিএনপি নেতা শফিকুল ইসলামের নেতৃত্বে রাতদিন ডাম্পার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রাখায় হুমকির মধ্যে রয়েছে সাধারণ কৃষকরা।
জানা যায়, চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ কাকারা কর্মকার পাড়া এলাকায় প্রতিবছরের মতো চলতি মৌসুমে প্রায় ৪ একর খতিয়ানভূক্ত জমিতে বাদাম চাষ করেছে কৃষকরা। বাদামের পাশাপাশি নানা রকম মৌসুমী সবজি চাষ করা হয়েছে। এরমধ্যে মুলা, আলু, মরিচ ও রকমারী শিম চাষ করা হয়েছে। আবহাওয়া ভালো থাকায় এবারে ফলন ভালো হয়েছে। বাদাম চাষ প্রায় দেড় মাস হয়েছে। ফলন আসতে শুরু করেছে। মাঠ থেকে উত্তোলনের সময়ও হয়েছে। ঋণের টাকা নিয়ে বাদাম সহ অন্যান্য মৌসুমী সবজি ঘরে তুলতে প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। এরইমধ্যে কিছু সবজি বেচাবিক্রি শুরু করেছেন। স্থানীয় একদল বালু দস্যুর কারণে কৃষকের স্বপ্ন যেন দু:স্বপ্নে পরিণত হয়েছে।
এবারও ঋণ পরিশোধ করতে পারবে না বাদাম চাষীরা। কাকারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফির নেতৃত্বে ডাম্পার দিয়ে বাদাম ক্ষেত থেকে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রেখেছেন।
কৃষক মোক্তার আহমদ, মকছুদ আহমদ ও মোহাম্মদ হাশেম জানান, ৮নং ওয়ার্ডের মেম্বার ও বিএনপির নেতা শফিকুল ইসলাম শফির নেতৃত্বে রাতদিন ডাম্পার দিয়ে বালু উত্তোলন করায় বাদাম ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। স্কেভেটার দিয়ে বালু উত্তোলনের কারণে চাষ করা ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এর পাশাপাশি জমিতে একাধিক গর্ত সৃষ্টি হচ্ছে। এছাড়াও প্রতিদিন শতাধিক ডাম্পার দিয়ে বালু পাচার করার কারণে কাকারা ইউনিয়নের আভ্যন্তরীণ সড়কগুলো হুমকির মধ্যে পড়েছে। ইতোমধ্যে মাটির রাস্তাগুলো প্রায় ভেঙ্গে যাচ্ছে। সড়কে ধুলাবালির কারণে পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীরাও চরম বিপাকে পড়েছেন। তারাও নির্বিগ্নে যাতায়ত করতে পারছে না। রাতে বালু নিয়ে গাড়ি চলাচলের কারণে রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে স্থানীয় এলাকাবাসীর।
বালু লুটের কারণে একদিকে কৃষকের ক্ষতি অন্যদিকে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে জানান স্থানীয় সচেতন ব্যক্তি আনিসুর রহমান।
তিনি বলেন, অব্যাহত বালু উত্তোলনের কারণে কৃষকের ব্যাপক ক্ষতি হচ্ছে, তাদের চাষ করা বাদাম ও সবজি ক্ষেত সব নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়া পরিবেশের মারাত্মক ক্ষতি করছেন। এব্যাপারে কক্সবাজার পরিবেশ অধিদপ্তর ও চকরিয়া উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান আনিসুর রহমান।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, কাকারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ কাকারায় কৃষকের বাদাম ক্ষেত নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলন করার বিষয়টি নজরে এসেছে। কৃষকরাও লিখিত অভিযোগ দিয়েছেন। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।




