মিজবাউল হক, চকরিয়া :আগামীকাল ০৬ ফেব্রয়ারি সকাল ৬টা থেকে চকরিয়া-লামা-আলীকদম সড়কে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ওই সড়কে সিএনজি চালিত টেক্সী ও মাহেন্দ্র গাড়ি বন্ধের দাবীতে এ কর্মসূচী ঘোষণা করেন। দাবী না মানলে আরও কঠোর ক র্মসূচী দেওয়ার ঘোষণা দেন নেতৃবৃন্দরা। আজ সোমবার (০৫ ফেব্রয়ারি) বিকাল ৫টার দিকে চকরিয়া শহীদ আবদুল বাস টার্মিনালের তাদের নিজস্ব কার্যালয়ে এ পরিবহন ধর্মঘটের ডাক দেন।
মালিক, শ্রমিক ঐক্য পরিষদের নেতারা বলেন, চকরিয়া-লামা-আলীকদম সড়কে সিএনজি চালিত টেক্সী ও মাহেন্দ্র গাড়ি যাত্রী নিয়ে চলাচলের কারণে সড়ক দূর্ঘটনা বেড়েছে। তাই এসব গাড়ি চলাচল বন্ধ করতে কক্সবাজারের চকরিয়া ও বান্দরবান জেলাসহ ওই জেলার লামা ও আলীকদম উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন করেন বাস-জীপ মালিক ও শ্রমিক সংগঠন। গত ১২ ডিসেম্বর আবেদন করলেও সংশ্লিষ্টদের পক্ষ থেকে সাড়া মেলেনি। তাই মঙ্গলবার ৬ ফেব্রয়ারী সকাল ৬টা থেকে চকরিয়া-লামা-আলীকদম সড়কে বাস ও জীপ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেন চকরিয়া-লামা-আলীকদম-থানছি বাস ও জীপ মালিক-শ্রমিক সমবায় সমিতি।
চকরিয়া-লামা-আলীকদম রোড কমিটির সভাপতি রফিক আহমদ বলেন, ১৯৮২ সাল থেকে জীপ গাড়ি দিয়ে চকরিয়া-লামা-আলীকদম সড়কে যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে সড়কের উন্নতি হলে বাস গাড়ি চলাচল করে। বতর্মানে ঢাকার যানবাহন সহ একাধিক পরিবহন এই সড়কে চলাচল করছে। দীর্ঘদিন ধরে চকরিয়া-লামা-আলীকদম সড়কে মালিক ও শ্রমিক যাত্রী সেবা দিয়ে আসছেন। পাবর্ত্য এ দুই উপজেলার এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে গাড়ির মালিক ও শ্রমিকের বিশাল অবদান রয়েছে। লামায় মাতামুহুরী সরকারি কলেজসহ বিভিন্ন স্কুল-মাদ্রাসা প্রতিষ্ঠায় মালিক ও শ্রমিকদের আর্থিক সহায়তা রয়েছে। শতশত শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নিয়ে পরিবহনে যাতায়ত সুবিধা দিয়ে যাচ্ছেন। এছাড়াও জাতীয় ও স্থানীয় নির্বাচনে যানবাহন দিয়ে সরকারকে সহযোগিতা দিচ্ছেন। কিন্তু মালিক ও শ্রমিকগণ কোন সহযোগিতা পাচ্ছেন না। চকরিয়া-লামা-আলীকদম সড়কে এ অনভিজ্ঞ চালক দিয়ে সিএনজি ও মাহেন্দ্র চালানোর কারণে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে। এসব পরিবহন বন্ধ না করলে দূর্ঘটনা বাড়তে থাকবে। তাই দ্রত সময়ের মধ্যে সিএনজি ও মাহেন্দ্র গাড়ির বন্ধের দাবী জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন চট্টগ্রাম-লোহাগাড়া-চকরিয়া-লামা-আলীকদম-বদরখালী-মহেশখালী-সুয়ালক-বান্দরবান সড়ক যানবাহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ। এসময় উপস্থিত ছিলেন একই সমিতির সভাপতি নুরুল হোসেন, ফরিদ আহমেদ, আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম, চকরিয়া-লামা-আলীকদম রোড় কমিটির সভাপতি রফিক আহমদ, আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কক্সবাজার জেলার যুগ্ম সম্পাদক কামাল আজাদ, জাফর আলম, রফিক উদ্দিনসহ বাস ও জীপ মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে দাবী করা হয়, গত ১২ ডিসেম্বর আবেদন করার পর দীর্ঘদিন অতিবাহিত হলেও প্রশাসন সিএনজি অটোরিকশা ও মাহিন্দ্র চলাচল বন্ধ করার কোন পদক্ষেপ নেয়নি। আবেদনকারীদের সাথে যোগাযোগও করেনি চকরিয়া ও বান্দরবানের প্রশাসন বা জনপ্রতিনিধিরা। তাই দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল চকরিয়া-লামা-আলীকদম সড়কে বাস ও জীপ ধর্মঘট ডাকা হয়েছে। এই ধর্মঘট মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হবে।




