চকরিয়া অফিস : চকরিয়ায় টাকা পাওনাকে কেন্দ্র করে কোদালের আঘাতে মোহাম্মদ হোছন (৫৫) নামে একব্যক্তিকে হত্যা করা হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মাইজপাড়া গ্রামে ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হোছন ওই এলাকার আবদুল কাদেরের ছেলে। ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘটনায় জড়িত অভিযোগে রুহুল আমিনকে পাকড়াও করে পুলিশে খবর দেয়।
জানা যায়, টাকা পাওনাকে কেন্দ্র করে মোহাম্মদ হোছনের স্ত্রী ও স্থানীয় ৮নম্বর ওয়ার্ডের কিছু মহিলার সাথে কথা কাটাকাটি হয়। এসময় একই এলাকার ওবায়দুল হাকিমের ছেলে রুহুল আমিন অতর্কিত এসে ঘুষি ও কোদাল দিয়ে মাথায় আঘাত করলে মাঠিতে লুটিয়ে পড়ে মোহাম্মদ হোছন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চকরিয়া পৌরসভার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায় মোহাম্মদ হোছন ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনার পরপরই স্থানীয় জনতা রুহুল আমিনকে পাকড়াও করে পুলিশের কাছে সোপর্দ করে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




