বশির আহাম্মদ,জেলা প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষংছড়ি সংলগ্ন বাংলাদেশ-মায়ানমার সীমান্তের ওপারে গত কয়েকদিনের টানা গোলাগুলির ঘটনায় এপারে উৎকন্টা ছড়িয়ে পড়েছে। ওপারের ভারী গোলা বর্ষণের প্রচন্ড শব্দে এপারের ভূমি কেপে উঠছে। সীমান্তের জিরো লাইন পেরিয়ে এপারেও দু’একবার রকেট লাঞ্চার এসে পড়ার ঘটনা ঘটছে।এমন পরিস্থিতিতে সীমান্ত লাগোয়া স্কুলগুলোকে মাঝে মাঝে আকস্মিক বন্ধ করে দিতে হচ্ছে।
এদিকে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এবং পুলিশ সুপার সৈকত শাহিন বুধবার ৩১ জানুয়ারি নাইক্ষংছড়ি সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।তারা উপজেলা প্রশাসন ও সীমান্তে বসবাসকারীদের সাথে মত বিনিময় করেন।
তবে ঘুমধুম ও তম্ব্রু এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় সফরের বিস্তারিত বিষয় জানা যায়নি। সবশেষ তথ্য অনুযায়ী বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপার তম্ব্রু এলাকায় অবস্থান করছিলেন।
এমন অবস্থায় বিভিন্ন সুত্রের সাথে কথা বলে জানা গেছে, পরিদর্শনকালে জেলা প্রশাসক নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চ বিদ্যালয়কে এসএসসি পরিক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে কিনা- সে বিষয়ে স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলেন। স্থানীয়রা আপাততঃ এখান থেকে কেন্দ্র সরিয়ে নেয়ার মত পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে আশ্বস্ত করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত বছর কোনার পাড়া রোহিঙ্গা ক্যাম্পে বিবদমান গ্রুপগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের পরিপ্রেক্ষিতে ঘুমধুম থেকে এসএসসি কেন্দ্র সরিয়ে কক্সবাজার জেলার উখিয়া উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করতে হয়।




