মাহবুবুর রহমান: কক্সবাজার জেলা মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন। শাপলাপুর ইউনিয়নের বড় বাজার হলো শাপলাপুর বাজার। শাপলাপুর বাজারের পার্শ্বেই বড় পুকুর। সেই পুকরের পশ্চিম পার্শ্বেই ইউনিয়ন ভূমি অফিস। পূর্ব পার্শ্বেই মাঠ আর মাঠের পরে শাপলাপুর উচ্চ বিদ্যালয়। পুকুরের দক্ষিণ পার্শ্বেই সরকারী ভিপি ভূক্ত ১নং খাস খতিয়ানের জায়গা। যার ভিপি নং-২০৯/৬৮-৬৯। খতিয়ান নং- ৬৬৮। এই জায়গার মধ্যে কিছু হলো অর্পিত সম্পত্তি আর কিছু হলো শত্রু সম্পত্তি। যারা চাষাবাদ করার জন্য সরকার থেকে একসনা লিজ নিয়েছিল তারাই এখন এই সকল সম্পত্তির স্থায়ী মালিক বনে গেছে বলে জানা যায়।
সরেজমিনে তদন্তকালে জানা যায়, কোটি কোটি টাকার সরকারী সম্পত্তি শুধু মাত্র সরকারের অবহেলা ও কিছু সরকারী অসাধু কর্মচারী ও কর্মকর্তার কারণে বেহাত হচ্ছে প্রতিনিয়ত।
এই জমিতে চাষাবাদ না করে সরকারের কাছ থেকে লিজ নবায়ন না করে দালান উঠিয়ে দোকান ও অফিস হিসাবে ভাড়া দিয়ে ভাড়া আদায় করে চলছে কুচত্রুী মহল। অথচ তার পাঁচশত গজের মধ্যে সরকারী ইউনিয়ন ভূমি অফিস।
এলাকার সাধারণ জন সাধারণের সাথে কথা বলে জানা যায়, সাবেক ও বর্তমান চেয়ারম্যানের আত্মীয় স্বজন ও দলীয় লোকেরা যে যার মতো করে সরকারী খাস জমি দখল করে বিল্ডিং তৈরী করেই চলছে। যেন এই হরিলুট থামছেই না।
এই বিষয়ে শাপলাপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসলেই সরকারী সম্পত্তি রক্ষা করার মতো কেউ নাই। যারা সরকারী সম্পত্তি রক্ষা করবে তারাই সরকারী সম্পত্তি লুঠের জন্য সাহায্য করে যাচ্ছে। আমি এলাকার প্রতিনিধি যদি কিছু বলতে যাই তাহলে সাবেক চেয়ারম্যানের আত্মীয়-স্বজনের দোকানগুলো আগেই উচ্ছেদ করা দরকার।
তিনি আরো বলেন, এই সকল জমিতে এখন দুই থেকে তিন তলা দালান। বর্তমানে দোকান ও ঘর মিলে ৩০টার মতো হবে।বিভিন্ন বেসরকারী অফিস সরকারী খাস জমিতে অবৈধভাবে উঠা বিল্ডিং এ ভাড়া নিয়েছে। গ্রামীণ ব্যাংকের অফিসও আছে সরকারী খাস জায়গা উঠা বিল্ডিং-এ। সরকারী খাস জমিতে বিল্ডিং করে গ্রামীণ ব্যাংককে ভাড়া দিয়েছেন শাপলাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল আবছার। তিনিতো শিক্ষক মানুষ। বিবেকবান মানুষ কিভাবে এই কাজ করতে পারে।
এই বিষয়ে শাপলাপুর সরকারী ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার চন্দনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি অনেকবার বিল্ডিং না করার জন্য মৌখিকভাবে বারণ করেছি। কিন্তু তারা কেউ আমার কথা শুনে না। লিখিতভাবে এসি ল্যান্ড এবং উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, না লিখিতভাবে জানানো হয়নি। তবে লিখিতভাবে জানানো হবে। কিন্তু ততদিনে বিল্ডিং তুলে অন্যান্যদের মতো ভাড়াদিয়ে দিবে ভূমিখোরেরা।
এই বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে শাপলাপুর বাজারের এক ব্যবসায়ী বলেন, এই সরকারী জমি দখলের পেছনে তহশীলদার চন্দন বাবুও জড়িত। ভালোভাবে তদন্ত করলে উনি কিংবা উনার আত্মীয়-স্বজনের দোকানও পাওয়া যাবে।
এই বিষয়ে মহেশখালী ভূমি অফিসারের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি পরে কথা বলবে বলে জানান। হোয়াটঅ্যাপে বিষয়টি পাঠানো হলেও কোন উত্তর দেননি। পরে মোবাইল করলে আর রিসিভ করেননি।
এই বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসারের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, শাপলাপুরের সরকারী খাস জমি দখল করে বিল্ডিং করার কথা আমিও শুনেছি। শুনলে কোন ব্যবস্থা নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, না কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তবে অচিরেই ওখানে অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেব।
এই বিষয়ে মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ শরীফ বাদশার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, মহেশখালীতে যেহেতু উন্নয়ন হচ্ছে সেহেতু মহেশখালীর সবখানে সরকারী জমি হরিলুট হচ্ছে। সাগরতীরের প্যারাবন কেটে প্রজেক্ট করা হচ্ছে। এই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে আরো তৎপর হয়ে কাজ করা প্রয়োজন বলে মনে করি।
এই বিষয়ে মহেশখালীর সাংসদ আশেক উল্লাহ রফিকের সাথে মোবাইলে যোগযোগ করলে তিনি মোবাইল রিসিভ করেননি।




