বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার প্রতিনিধিঃ পেকুয়ায় রাতের আঁধারে আ’লীগ ওয়ার্ড সভাপতি ও সাবেক ইউপি সদস্যের ৬০ শতক লবণ মাঠে তান্ডব চালিয়েছে কতিপয় দুবৃর্ত্তরা। এ সময় লবণ মাঠে ব্যবহৃত পলিথিন কেটে ফেলে, পানি ও সেচ পাম্প, লবণ মাঠে ব্যবহৃত অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। গত মঙ্গলবার (২৩ জানুয়ারী) দিবাগত রাতে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের পশ্চিম উজানটিয়া ষাটদুনিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ৬০ শতক লবণ মাঠের জমি নিয়ে উজানটিয়া সাবেক ইউপি সদস্য ও ১ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জামাল হোসেনের সাথে পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নতুনঘোনা পেকুয়ারচর এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র আজিজুল হকের মধ্যে বিরোধ চলছিল দীর্ঘ দিন ধরে। জায়গাটি সরকারের বেস্ট অব প্রপার্টি (ভিপি) সম্পত্তি হিসেবে অন্তর্র্ভূক্ত।
১৯৭৬-৭৭ এর দিকে ২১ নং মিচ মামলামূলে আশরাফুজ্জামান নামক ব্যক্তি বন্দোবস্তী প্রাপ্ত হন। ২০১২ সালের ১৫ এপ্রিল ওই জায়গা আশরাফুজ্জামানের ওয়ারিশ মাষ্টার নজরুল ইসলাম ও মোহাম্মদ ইসমাইল স্বত্ত বিক্রি করেন জামাল মেম্বারকে। সেই সময় থেকে ওই জমি রক্ষণাবেক্ষন করছিলেন তিনি। চলতি লবণ মৌসুমে ওই জমি মনির হোসেন নামক এক চাষাকে লাগিয়ত করা হয়। জামাল মেম্বারের চাষা মনির বিরোধীয় জমিতে লবণ উৎপাদন আরম্ভ করে। ঘটনার দিন রাতে একদল দুবৃর্ত্তরা জমিতে অনুপ্রবেশ করে তান্ডব চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে। এমনকি মাঠে বিছানো পলিথিন কেটে নষ্ট করা হয়। সেচ পাম্পসহ লবণ উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীও লুট করে নিয়ে যায়।
এ ব্যপারে সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আ’লীগের সভাপতি জামাল হোসেন প্রতিনিধিকে বলেন, এ জমি আমার ভোগ দখলীয়। আশরাফুজ্জামানের ওয়ারিশরা আমার নিকট স্বত্ত বিক্রি করে। আজিজুল হক ভাইস চেয়ারম্যানের ক্ষমতার দাপট দেখিয়ে আমাকে হয়রানি করছে। মিথ্যা একটি কাগজ তৈরী করে। আমি ওই কাগজের বিরুদ্ধে কোর্টে মামলা করেছি। আজিজুল হকের পিতা নুরুল ইসলামের নামে আরেকটি বন্দোবস্তী মামলা আছে। এ জায়গার সাথে তার বাবার নামে বন্দোবস্তীর অনেক পার্থক্য আছে। কিন্তু এরপরও আমাকে হয়রানি করছে। রাতে আজিজুল হকের অনুগত মৃত আমির হামজার পুত্র মমতাজ, মোজাম্মেলসহ দুবৃর্ত্তরা এসে মাঠে তান্ডব চালায়। আমার প্রায় ২ লক্ষ টাকার বেশি ক্ষতি সাধন করে।
অভিযোগ অস্বীকার করে পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক বলেন, এ জমি আমরা ৫০ বছর ভোগ করছি। পেকুয়া থানায় ও ইউনিয়ন পরিষদে বিচার আছে। এ সব না মেনে জামাল মেম্বার মাঠে নামছে। বিষয়টি সম্পর্কে স্থানীয়দের জানা আছে।




