প্রেস বিজ্ঞপ্তি: র্যাব-৭ এর অভিযানে ফেনীর লেমুয়া এলাকা হ’তে দু’শ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ী ও মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিক্সা জব্দ করেছে। গতকাল বুধবার (১৭ জানুয়ারী) সন্ধ্যা ৭টায় ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকার পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশীকালে মরণনেশা ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ নিজাম উদ্দিন (২৯) ও মোঃ শাহাবুদ্দিন (৩০)। তাদের উভয়ের বাড়ি চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন দক্ষিণ অলীনগর গ্রামে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ এবং তল্লাশী করে তাদের হেফাজতে থাকা সিএনজি অটোরিক্সার ভিতরে ২টি প্লাস্টিকের বস্তার ভিতর হতে ২শ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামিদের গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।
আটককৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেন, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে মাদকদ্রব্য ফেন্সিডিল চট্টগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে পরবর্তীতে ফেনী, কুমিল্লাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




