চকরিয়া অফিস : কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ও খুটাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বনাঞ্চলের ভেতরে সেলো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। একইভাবে মাতামুহুরী নদীর তীরের বিভিন্ন পয়েন্টে সেলো মেশিনে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে।
স্থানীয় বালু লুটেরা চক্রের বিরুদ্ধে বনবিভাগ ও প্রশাসনের সমন্বয়ে একাধিকবার যৌথ অভিযান পরিচালনা করা হলেও থামানো যাচ্ছে না বালু দস্যুতা। বনবিভাগের লোকজনকে ম্যানেজ করে অবৈধ বালু উত্তোলন অব্যাহত রয়েছেন বলে জানান স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকালে বনকর্মীরা অভিযান চালিয়ে অবৈধ বালু বোঝাই একটি ট্রাক আটক করতে সক্ষম হয়েছেন।
ফাঁসিয়াখালী রেঞ্জ অফিসার মেহেরাজ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে ডুলাহাজারা ও খুটাখালী ইউনিয়নের বনাঞ্চল এরিয়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন দস্যুরা। বনবিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বালু উত্তোলন বন্ধ করা হলেও পুনরায় লুটেরা চক্র সক্রিয় হয়ে উঠেছেন। তারা বালু উত্তোলনের পাশাপাশি পাচারের সময় রোড মারমিট হিসেবে সরকারি বালু মহালের চালান দেখিয়ে জালিয়াতিও শুরু করেছেন।
তাৎক্ষণিক বিশেষ অভিযানে অবৈধ বালু বোঝাই একটি ট্রাক আটক করা হয়েছে। ওইসময় পরিবহনে নিয়োজিতরা বালুর বিপরীতে বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
এব্যাপারে জড়িত বালু লুটেরা চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেঞ্জ অফিসার মেহেরাজ উদ্দিন।




