পেকুয়া-কুতুবদিয়া প্রতিনিধি: কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় প্রতারণা সংক্রান্ত একটি মামলা তদন্ত করতে গিয়ে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার কাছ থেকে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম অমর বিশ্বাস। তিনি পেকুয়া থানা পুলিশের উপসহকারী পরিদর্শক (এসআই) পদে কর্মরত রয়েছে।
এদিকে ঘুষ দাবি করায় পুলিশ কর্মকর্তার শাস্তির দাবিতে ভূক্তভোগী আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) পুলিশের আইজিপি, চট্টগ্রামের ডিআইজি, কক্সবাজার জেলার পুলিশ সুপার ও চকরিয়া-পেকুয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী নাছির উদ্দিন আওয়ামী লীগের পেকুয়া উপজেলা শাখার আওতাধীন সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড়ের সভাপতি ও একই ইউনিয়নের ভোলাইয়া ঘোনা গ্রামের মৃত জাফর আলমের ছেলে।
পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দায়েরকৃত লিখিত অভিযোগে আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন উল্লেখ করেছেন, পেকুয়া থানায় কর্মরত এস আই অমর বিশ্বাস একজন ঘুষখোর ও দূর্নীতিবাজ শ্রেণীর পুলিশ কর্মকর্তা হয়। বিগত ১৭/০১/২০২১ তারিখে চুক্তিপত্রমূলে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ঠান্ডার পাড়া গ্রামের মৃত ছৈয়দ নুরের কন্যা মনোয়ারা বেগমের কাছ থেকে মগনামা ইউনিয়নের শুদ্ধাখালী গ্রামের ফজল কাদেরের পুত্র আবুল হোসেন পেকুয়া মৌজায় ৪.৭৩ শতক জমি বায়নামুলে খরিদ করেন। উক্ত চুক্তিপত্রের কাগজে আবুল হোসেন আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিনকে সাক্ষী রাখেন। পরে জমি নিয়ে ক্রেতা ও বিক্রেতা উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
ক্রেতা আবুল হোসেন গত ১৪/০৬/২০২৩ ইংরেজী তারিখে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বাদী হয়ে জমির বিক্রেতা মনোয়ারা বেগম ও আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিনকে আসামী করে একটি প্রতারণার মামলা দায়ের করেন। যার মামলা নং সিআর ১৩৫৪/২৩ইং। মামলাটি তদন্তের জন্য আদালত থেকে দায়িত্ব দেওয়া হয় পেকুয়া থানাকে। এদিকে মামলার কাগজপত্র আদালত থেকে থানায় পৌঁছানোর পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলাটি তদন্তের দায়িত্ব দেন এসআই অমর বিশ্বাসকে।
আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন তার স্বাক্ষরিত অভিযোগে আরো উল্লেখ করেছেন, মামলায় অহেতুক আমাকে হয়রানীর উদ্দেশ্যে আসামী করা হয়েছে। বাদীর দায়েরকৃত মামলার বিবরণে যে সব অভিযোগ আমার বিরুদ্ধে উত্থাপন হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। মামলার তদন্তকারী কর্মকর্তা পেকুয়া থানার এসআই অমর বিশ্বাস আমার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেওয়ার ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন। গত দুই মাসে আমার বাড়িতে তিন বার এসে মামলার তদন্তের নামে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেছে এসআই অমর বিশ্বাস। তার দাবিকৃত ঘুষের টাকা না দিলে আমার বিরুদ্ধে প্রতিবেদন দেওয়ার হুমকি পাশাপাশি ঘুষের টাকার জন্য আমাকে অব্যাহতভাবে চাপ সৃষ্টি করে যাচ্ছে। মামলার তদন্তকারী কর্মকর্তার এহেন কার্যকলাপে আমি ও আমার পরিবার অতিষ্ট হয়ে পড়েছি।
মামলার বাদী আবুল হোসেন আমাকে তার কাগজে স্বাক্ষী রেখে উল্টো আমাকে আসামী করে মামলা দায়ের করেছে। আর সেই মামলায় আমার বিরুদ্ধে প্রতিবেদন দেওয়ার জন্য পেকুয়া থানার এসআই অমর বিশ্বাস ঘুষ দাবি করছে। এখন আমি নিরূপায় হয়ে পুলিশের আইজিপি ও চট্টগ্রামের ডিআইজিসহ কক্সবাজার জেলার পুলিশ সুপারের কাছে এস আই অমর বিশ্বাসের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দায়ের করেছি।
আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন এর কাছ থেকে ঘুষ দাবি প্রসঙ্গে মুঠোফোনে জানতে চাইলে পেকুয়া থানার উপ- পরিদর্শক (এসআই) অমর বিশ্বাস বলেন, আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিনের কাছ থেকে ঘুষ দাবি তো দূরের কথা তার কাছ থেকে আমি এক কাপ চা পর্যন্ত খায়নি। ঘুষ দাবির বিষয়টি নাছির উদ্দিনের সাঁজানো ও মিথ্যাচার।




