চকরিয়া অফিস : ডুলাহাজারা বনবিটের একটি উচ্ছেদ অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী লোকজন।আজ সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে ফাঁসিয়াখালী রেঞ্জের ডুলাহাজারা রিংভং মৌজার রির্জাভ বনভূমি এলাকায় এ অভিযান পরিচালনা করেন রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন। এসময় রেঞ্জ অফিসের কর্মকর্তা, বনরক্ষায় নিয়োজিত সিপিজির সদস্য, ভিলেজাররা উপস্থিত ছিলেন।
অভিযানে রির্জাভ বনের ওই এলাকা থেকে একটি নতুন বসতি (ঘর) ও প্রায় ২ হেক্টর বনভূমির জায়গার ঘেড়াবেড়া উচ্ছেদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন বলেন, কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তার (ডিএফও) নির্দেশনা পেয়ে ডুলাহাজারা বিটের রিংভং মৌজার রির্জাভ বন এলাকায় অভিযান চালিয়ে জনৈক গিয়াস উদ্দিন কর্তৃক নির্মিত একটি নতুন ঘর ভেঙে দিয়ে দুই হেক্টর বনভূমি উদ্ধার করা হয়েছে। তবে ভুক্তভোগী শাররীক প্রতিবন্ধী চকরিয়া মালুমঘাট এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন বনবিভাগের উচ্ছেদ অভিযান নিয়ে দাবি করেছেন, ভিন্ন কথা।
তিনি বলেন, গত আগস্ট মাসে বনবিভাগের স্থানীয় বির্তকিত হেডম্যান দলিল আহমদের বিরুদ্ধে বনভূমি জবরদখল ও স্ট্যাম্পমুলে বিক্রিতে জড়িত জানিয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) দপ্তরে। এর প্রেক্ষিতে ডিএফও অভিযোগটি তদন্তের নির্দেশ দেন সহকারি বন সংরক্ষককে (এসিএফ)। পরে তদন্তে অভিযোগ সত্যতা পেয়ে প্রতিবেদন জমা দিলে কক্সবাজার উত্তর বন বিভাগের ডিএফও আনোয়ার হোসেন সরকার গত ১৬ নভেম্বর অফিস আদেশ মতে হেডম্যান দলিল আহমদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন।
গিয়াস উদ্দিন অভিযোগ করে বলেন, ডিএফও এর আদেশ অমান্য করে গত ৭ ডিসেম্বর ফাঁসিয়াখালী রেঞ্জ কার্যালয়ে হেডম্যান দলিল আহমদকে কারসাজি করে বিনা ভোটে পুনরায় হেডম্যান নির্বাচিত ঘোষণা দেন বিট কর্মকর্তা। মুলত দলিল আহমদ পুনরায় হেডম্যান নির্বাচিত হয়ে আমাকে ঘায়েল করতে মরিয়া হয়ে উঠে। কেন আমি তার বিরুদ্ধে ডিএফও অফিসে অভিযোগ দিয়েছি, তার প্রতিশোধের অংশ হিসেবে বনকর্মীদের আস্কারা দিয়ে আমার বাড়িটি ভেঙে উচ্ছেদ করা হয়েছে।
শাররীক প্রতিবন্ধী গিয়াস উদ্দিন দাবি করেন, রিংভং মৌজার বনভূমিতে ৩২৮৩ পরিবার বসবাস করছেন। আমার এলাকায়ও বিপুল ঘর রয়েছে। সেখানে গ্রামের ভেতরে ঢুকে শুধু আমার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। বাড়ির আশপাশে রোপিত দেশীয় জাতের বিভিন্ন গাছ কেটে দেওয়া হয়েছে। আমি এ ঘটনায় প্রশাসনের কাছে সুবিচার চাই।
অভিযোগ অস্বীকার করে ডুলাহাজারা বনবিটের হেডম্যান দলিল আহমদ বলেন, আমি হলফ করে বলছি, সদস্যদের ভোটে হেডম্যান নির্বাচিত হয়ে আমি কোনদিন সরকারি বনভূমি বিক্রি করিনি। তবে জায়গা বিক্রির যে সব স্ট্যাম্প দেখানো হচ্ছে, এগুলো অনেক আগের ঘটনা। অর্থ্যাৎ আমি হেডম্যান নির্বাচিত হবার আগে। গিয়াস উদ্দিন আপনার বিরুদ্ধে ডিএফও অফিসে অভিযোগ দিয়েছে, সেইজন্য আপনি বনকর্মীদের আস্কারা দিয়ে তাঁর বাড়ি ভেঙে দিয়েছেন একথা কতটুকু সত্য, উত্তরে তিনি বলেন, অভিযোগ দিলেও গিয়াস উদ্দিন আমার ভাতিজা। তার সঙ্গে আমার সম্পর্ক ভালো। আমি কেন তার ক্ষতি করবো। বনবিভাগ মুলত অভিযোগ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেছে।
দলিল আহমেদ বলেন, হেডম্যান হওয়ার পর থেকে গাছ পাচার ও বনভূমি জবর দখলের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করছি। বনাঞ্চলের প্রতি নিজের ত্যাগ তিতিক্ষা বিবেচনা করে ৭ ডিসেম্বর প্রতিদ্বদ্বীরা সরে গিয়ে পূনরায় আমাকে হেডম্যান মনোনীত করেছেন। এতে ঈর্ষান্বিত হয়ে একটি চক্র কর্তৃপক্ষকে ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
ফাঁসিয়াখালী রেঞ্জ অফিসার মেহরাজ উদ্দীন বলেন, রিংভং মৌজার রির্জাভ বন এলাকায় নতুন বাড়ি (অবৈধ স্থাপনা) করা হচ্ছে, এই ধরনের একটি অভিযোগ এলাকাবাসীর পক্ষ থেকে ডিএফও অফিসে জমা দিয়েছেন। পরে ডিএফও মহোদয় এর নির্দেশনা পেয়ে সেখানে অভিযান চালিয়ে একটি নতুন ঘর ভেঙ্গে উচ্ছেদ ও দুই হেক্টর বনভূমি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী তফসিল ঘোষিত হওয়ায় অন্যান্য প্রতিষ্ঠানের মতো আমরাও ডুলাহাজারা বনবিটের হেডম্যান নির্বাচন স্থগিত রেখেছি। যাঁরা হেডম্যান পদে ভোট করতে চান সবাই বন মামলার আসামি। ৭ ডিসেম্বর নাকি হেডম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আপনার অফিসে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওইদিন আমার অফিসে হেডম্যান নির্বাচন সংক্রান্ত সভা হয়েছে। নির্বাচন হয়নি। তবে পুরানো কমিটি হিসেবে দলিল আহমদ এখনো হেডম্যান হিসেবে রয়েছেন। তিনি অভিযুক্ত হলে বাদ যাবেন।




