আয়ুব মিয়াজী, চন্দনাইশ: চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে সাঙ্গু নদী থেকে জেগে উঠা একটি গ্রাম চর বরমায় মনোরম দৃশ্যের সৃষ্টি হয়েছে। উপকলীয় এ এলাকায় বালুর পাহাড়ের আড়ালে অনাবাদি জমির চারদিকে এখন কাশবন আর কাশফুলের মহাসমারোহ। এ যেন শ্বেত শুভ্র কাশফুলের এক মহাসমুদ্র। মানুষের মাথার উপর ঢেউ তুলে প্রতিনিয়ত স্বাগত জানাচ্ছে অবসর কাটানো আগত প্রকৃতি প্রেমীদের। এ অঞ্চলে কাশফুলের সৌন্দর্য প্রকৃতি প্রেমিদের মনের খোরাক মেটানোর পাশাপাশি কাশবন চর অঞ্চলের হতদরিদ্র মানুষের জীবন-জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ধুধু বালুচরে কাশফুলের বিছানা। আবহমান বাংলার চিরন্তন ঐতিহ্য আর নয়নাভিরাম সৌন্দর্য হয়ে প্রতি বছর শরৎ ঋতুতে গ্রামগঞ্জের জনপদের আনাচে কানাচে ফুটে থাকে কাশফুল। অনেকেই পরিবারসহ কাশবনে বেড়াতে এসে ঘুরে বেড়ান শেষ বিকেলের আলোয়।
কাশফুল মূলত বহুবর্ষজীবী ছন গোত্রীয় এক প্রকার ঘাস। বিনা পরিচর্যায় বেড়ে উঠা কাশবন গজায় আপনি হতেই। কাঁচা কাশ গাছ যেমন গরুর খাবারের জোগান দেয়, তেমনি শুকনো কাশ গাছের খড় দিয়ে তৈরি হয় ঘরের ছাউনি, জ্বালানি ও ঝাড়ু হিসেবে কাশের ব্যবহার হয়ে আসছে সুদীর্ঘকাল থেকে। এছাড়া পিত্তথলির পাথর, শরীরে ব্যথানাশক ফোঁড়ার চিকিৎসায় ও শরীরের দুর্গন্ধ দূর করতে কাশের মূল ঔষুধি হিসেবে ব্যবহৃত হয়।
নদীর ধার, জলাভূমি, চরাঞ্চল, শুকনো রুক্ষ এলাকা, চারণভুমি কিংবা গ্রামের উঁচু জায়গায় কাশবন বেড়ে ওঠে। পলিমাটির আস্তরযুক্ত জমিতে কাশের মূল সহজে সম্প্রসারিত হতে পারে বলে নদী তীরে কাশবন বেশি জন্মায়। শরত ঋতুতে পালকের মতো নরম, সাদা ধবধবে কাশফুল ফোঁটে। গাছটির চিরল পাতার দুই পাশ খুবই ধারালো হয়। কাশ শরৎ ঋতুর ফুল। কাশফুল মূলত দুই ধরনের। পাহাড়ি কাশ এবং চরাঞ্চলের কাশ। এর কোনো সুগন্ধ নেই।
কাশফুলের মঞ্জুরি (ডাটা) লম্বা হয়ে থাকে। মঞ্জুরির মাথায় অনেকগুলো শাখা থাকে। শাখা পূর্ণ হলেই ফুল ফোটে। ফুলটি দেখতে ছোট কিন্তু মঞ্জুরিবদ্ধ হওয়ায় দূর থেকে সহজেই দেখা যায়। কাশবনে ঘুরতে আসা প্রকৃতিপ্রেমী দেলোয়ার হোসেন জানান, কাশবনে ঘুরতে এসে মনে হয় সমুদ্রের তীরে ঘুরে বেড়াচ্ছি। নদীর তীর ও অনাবাদি জমি দখল হয়ে যাওয়ার কারণে দিন দিন কাশবনের পরিধি কমে যাচ্ছে। সৌন্দর্য প্রেমিদের মানসিক চাহিদা পূরণের জন্য হলেও আগের মতো মাঠ জুড়ে কাশবন টিকিয়ে রাখা প্রয়োজন।
এ বিষয়ে বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম টিটু জানান, এটা একটা বিশাল চর। কয়েকশত একর জমি হবে। এখানে মালিকানা ও খাস জমি রয়েছে। দক্ষিণ-পশ্চিমে সাতকানিয়া উপজেলা এবং উত্তর-পশ্চিমে আনোয়ারা থেকে চরের ওই কাশবন এলাকায় প্রতিদিন অনেক মানুষ ঘুরতে আসে।




