সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া : সাতকানিয়ায় বড়দুয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মালেককে অপসারণ করে নতুন প্রধান শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার (০৩ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের সামনে উপজেলার কেরানীহাট-বান্দরবান সড়কে অভিভাবক ও সচেতন জনগণের ব্যানারে বিদ্যালয়ের সার্বিক পরিবেশের উন্নতি ও শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন করা হয়।
এলাকাবাসী ও অভিভাবক সূত্রে জানা যায়, বিগত কয়েক বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে নানান বিষয়ে মনোমালিন্য ও দ্বন্দ্ব চলে আসছিল। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন জাতীয়-স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হওয়ার পরও বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতির উন্নতি হয়নি।
বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলছেন, প্রায় সময় প্রধান শিক্ষক স্কুলে হাজিরা দিয়ে চলে যান এবং তিনি স্বেচ্ছাচারী মনোভাব পোষণ করে স্কুলের লেখাপড়ার পরিবেশ নষ্ট করছেন।
প্রধান শিক্ষক বলছেন, শিক্ষকদের নানা অনিয়মের বিষয়ে সতর্ক করায় কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুয়ায়ী ব্যবস্থা নেওয়ায় তারা গুটি কয়েক অভিভাবক দিয়ে আমার বিরুদ্ধে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, অভিভাবক মিনু আকতার, শাহ আলম, মো.জাবেদ ও লতিফুর রহমান।
মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুন্দর রাখতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অপসারণ করতে হবে। না হয় আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হবে।




