রাজশাহী প্রতিনিধি: বিএনপি যদি নির্বাচনে আসতে চায় তাহলে তাদের সময়ের মধ্যেই আসতে হবে।আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজশাহী অঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, নির্ধারিত সময়ের পরে এলে তা গ্রহণযোগ্য হবে না।
রাশেদা সুলতানা বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোটাররা যাতে স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারেন সেই ব্যবস্থা নির্বাচন কমিশন করবে। এ নির্বাচন কিভাবে করা যায় তারই একটা প্রস্তুতি সভা করলাম। রাজশাহী বিভাগের যারা এ নির্বাচনের কাজে সংশ্লিষ্ট তারা সবাই এসেছেন। তারা আমাকে আশ্বস্ত করেছেন, আমরা বিধি মেনে নির্বাচন করতে চাই। যেখানে ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারেন।
তিনি আরও বলেন, নির্বাচনি চ্যালেঞ্জ তেমন কিছুই না। নির্বাচনি চ্যালেঞ্জ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা। আমরা চেষ্টা করে যাচ্ছি সবাইকে নিয়ে কাজ করার। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে তিনি বলেন, সেনাবাহিনী মোতায়েন বরাবরই হয়ে এসেছে। আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেব।
ভোটারের উপস্থিতি কেমন আশা করছেন- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা বলা খুব কঠিন। আগেই আমরা নিশ্চিত কিছু বলতে পারছি না। তবে আমরা ভোটারদের সচেতন করার জন্য ব্যবস্থা নিয়েছি। ভোটার আনার দায়িত্ব কমিশনের না- এটা প্রার্থীর দায়িত্ব। উনারাই ভোটার আনার ব্যাপারে দায়িত্বশীল থাকবেন। তবে ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন সেই পরিবেশ আমরা নিশ্চিত করব।
বিদেশি পর্যবেক্ষকের বিষয়ে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে সভা আছে। বিদেশি পর্যবেক্ষকদের সাড়া পাচ্ছি। আমরা তাদের ওয়েলকাম করি। আমরা চাই যে যত বেশি দেশি-বিদেশি পর্যবেক্ষক আসবে তত বেশি ভোটের কার্যক্রমে স্বচ্ছতা আসবে। আচরণবিধি কেউ ভঙ্গ করলে আমরা কঠোর ব্যবস্থা নেব।
প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ কবীর। এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান বিপিএম (বার), রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারসহ নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




