ঢাকা ব্যুরো: আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ নির্ধারিত ভেন্যু বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট ছাড়াও ছড়িয়ে পড়েছে চারিদিকে।আজ শনিবার (২৮ অক্টোবর) দুপুরের অনেক আগে থেকেই জনস্রোত নামতে শুরু করে সমাবেশেস্থলে।
দুপুর একটার আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় বাইতুল মোকাররমের আশপাশ এলাকা। পৌনে ২টা থেকে পৌনে তিনটা পর্যন্ত সরজমিন ঘুরে দেখা যায় ঢাকা ছাড়াও পাশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে বড় বড় মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসছেন দলীয় নেতাকর্মীরা।
হেঁটে হেঁটে দেখা যায় দৈনিক বাংলা, মতিঝিলের পূরবানী হোটেলের সামনে, মহানগর নাট্যমঞ্চ, কাপ্তানবাজার মোড়, আহাদ পুলিশ বক্স, গোলাপ শাহ মাজার, সিদ্দিক বাজার মোড়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনের সড়ক থেকে বঙ্গমার্কেট, ওকে দোয়েল চত্বর হয়ে কার্জন হলের সামনের সড়ক, শিক্ষা ভবন ও হাইকোর্ট মোড়, সচিবালয়ের সামনের দু’ পাশের সড়ক, পুরানা পল্টন মোড়, মুক্তাঙ্গন জিপিও পর্যন্ত লোকে লোকারণ্য।
আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকা ও ছোট ছোট লাঠি দেখা যায়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো রাজধানী।




