খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের উদ্যােগে আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৩২৬ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।আজ বুধবার (০৪ অক্টোবর)সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বর্তমান সরকার সবসময় জনগণের পাশে থেকে সহযোগিতা ও জনকল্যাণে কাজ করে আসছে। একই ভাবে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। যেকোন প্রাকৃতিক দুর্যোগে রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার কল্যাণে জনগণের পাশে এসে দাঁড়ায়।
উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুক্তা ধর, জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা, কল্যাণ মিত্র বড়ুয়া, গণমাধ্যমকর্মী, উপকারভোগী ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সকল সদস্য প্রমুখ।
পরে প্রধান অতিথি বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৩২৬টি পরিবারকে ৬ হাজার টাকা হারে নগদ এ অর্থ বিতরণ করেন।




