চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে কাঁকড়ি নদীর পাড় থেকে বস্তায় মোড়ানো অবস্থায় এক কন্যা নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বর্তমানে সে কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শাখাওয়াত হোসেন সবুজ-নাসরিন আক্তার দম্পতির কাছে রয়েছে। শনিবার এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন।
স্থানীয় কলাবাগান তরুণ সংঘের সভাপতি মো. আবদুল মমিন বলেন, শুক্রবার সন্ধ্যায় ক্লাবের পেছনে কাঁকড়ি নদীর পাড়ে স্থানীয় লোকজন একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান। পরে সেখানে বেশ কিছু লোকজন জড়ো হয়ে একটি সাদা বস্তা দেখতে পান। বস্তার মুখ খুলে দেখতে পান, সদ্যভূমিষ্ঠ একটি মেয়ে শিশু। বিষয়টি তাৎক্ষণিক এলাকায় জানাজানি হলে অনেকে নবজাতকটিকে দত্তক নিতে চান। আমরা তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করি। প্রশাসনের অনুমতি নিয়ে বাচ্চাটিকে সেবা-যত্নের জন্য স্থানীয় রামচন্দ্রপুর গ্রামের নিঃসন্তান দম্পতি সবুজ ও নাসরিনের কাছে রাখা হয়।
রামপুরনচন্দ্রপুর গ্রামের বাসিন্দা নূর হোসাইন রাজিব জানান, শুক্রবার বিকেলে স্থানীয় এক কৃষক হানিফ মিয়া নদীর ধারে কচুর ফুল সংগ্রহ করতে গেলে একটি সাদা বস্তা দেখতে পান। সেখান থেকে কান্নার আওয়াজ আসছিল।
পরে এতে কিছু একটা থাকতে পেরে সন্দেহ হওয়ায় স্থানীয়দের জানান তিনি। পরে লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে। সাথে সাথেই শিশুটিকে স্থানীয় এক চিকিৎসকের কাছে চিকিৎসার জন্য নেওয়অ হয়। পরে রামচন্দ্রপুর গ্রামের সাখাওয়াত হোসেন সবুজ ও নাসরিন আক্তারের কাছে শিশুটিকে রাখা হয়।
শাখাওয়াত হোসেন সবুজ শনিবার বলেন, তিন বছরের বিবাহিত জীবনে আমাদের কোনো সন্তান নেই। আমরা নিঃসন্তান দম্পতি। আমি কুড়িয়ে পাওয়া নবজাতকটিকে পেয়ে খুবই খুশি। আশা করি প্রশাসন আমার বিষয়টি বিবেচনা করে নবজাতকটি আমার কাছেই আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবে।
শাখাওয়াত হোসেন সবুজের স্ত্রী নাসরিন আক্তার বলেন, আল্লাহ আমার ওপর রহমত করেছে। আমি কুড়িয়ে পাওয়া শিশুটিকে মানুষের মতো মানুষ করতে চাই।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, অস্থায়ীভাবে নবজাতটিকে সবুজ-নাসরিন দম্পতির কাছে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্থায়ীভাবে নবজাতকটিকে ওই দম্পতির কাছে রাখা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন, খবর পেয়ে আমি সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে বাচ্চাটির জন্য নতুন পোশাক কিনে সবুজ-নাসরিন দম্পতির বাড়িতে পাঠিয়েছি। শিশুটির আনুমানিক বয়স তিন-চার দিন। আগামীতে যেন বাচ্চাটির কোনো সমস্যা না হয়, সেজন্য আইনি প্রক্রিয়া সম্পাদন করে তাদের কাছেই রাখার ব্যবস্থা করা হবে।




