লোহাগাড়া প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক হয়েছে ২ জন মাদককারবারী। গত ২৮ জুলাই শুক্রবার অপরাহ্ন সাড়ে ৬ টায় ইয়াবাসহ উক্ত ২জন আটক হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পাহাড়ী জাঙ্গাইল্যা নামক এলাকায় চট্টগ্রাম শহরমুখী এক কভার্ডভ্যানে পাওয়া যায় ইয়াবা ট্যাবলেট। পাচারে ব্যবহৃত সে কভার্ডভ্যানটিও জব্দ করা হয়।
আটকদের মধ্যে রয়েছেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চাঁনপুর বেপারী পাড়ার বাসিন্দা কভার্ডভ্যানচালক সাইফুল ইসলাম (৩৪) ও কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ৮নম্বর ওয়ার্ডের উত্তর লেদা এলাকার লামুনী পাড়ার বাসিন্দা কভার্ডভ্যান চালকসহকারী আব্দুল আমিন (২৪)।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ইয়াবা। আটক করা হয়েছে ২জনকে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগাড়া থানায় মামলা রুজু করা হয়েছে।




