চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলা সরকারি হাসপাতাল সড়কে গভীর রাতে মার্কেটের দোকান জবরদখল চেষ্টা ভন্ডুল করে দিয়েছেন পুলিশ। গত সোমবার (১৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে ২৫-৩০ জনের একটি লাঠিয়াল দখলবাজ চক্র বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে হাসপাতাল সড়কের কামাল মেডিকেল হল, সেলিনা ফার্মেসী ও ল্যাব হাউজ ডায়াগণস্টিক সেন্টারসহ ৮টি কক্ষ বিশিষ্ট দোকানঘর দখলে হামলা চালায়। এসময় রাত সাড়ে তিনটার দিকে ভুক্তভোগী মার্কেট মালিক ও দোকানদার ব্যবসায়ীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়ে পুলিশের জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন দেন। তাৎক্ষণিক সাড়া দিয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ ও ওসি তদন্ত মো আবদুল জব্বারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অবৈধ জবরদখল চেষ্টা ভন্ডুল করে দেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দখলবাজ চক্রের সদস্যরা পালিয়ে যায়। জানা গেছে, চকরিয়া উপজেলা সরকারি হাসপাতাল সড়কের কামাল মেডিকেল হল, সেলিনা ফার্মেসী, জাহান আরা ফার্মেসী, ল্যাব হাউজ এন্ড ডায়াগণস্টিক সেন্টারসহ মোট ৮টি দোকান সোমবার রাতে প্রভাবশালী মহল জবরদখলে নিতে প্রস্তুতি নিচ্ছিলেন বলে আশঙ্কা প্রকাশ করে ভুক্তভোগী মার্কেট মালিক ও দোকানদার ব্যবসায়ীরা। এ ঘটনায় রাত এগারোটার দিকে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে জবরদখল চেষ্টা বন্ধে স্থানীয় পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনাও করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীরা দাবি করেন, ঠিকই গভীর রাতে দোকানঘর সমুহের সামনে সীমানা প্রাচীর তৈরির মাধ্যমে জবরদখল চেষ্টায় নামেন দখলবাজ চক্র। এসময় পুলিশের পরিসেবা ৯৯৯ এ ফোন করে চকরিয়া থানা পুলিশের সহযোগিতা চাই। তাৎক্ষণিক আবেদনে সাড়া দিয়ে চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ, ওসি তদন্ত মো. আবদুল জব্বার ঘটনাস্থলে পৌঁছে দখলবাজ চক্রের অপচেষ্টা ভন্ডুল করে দিয়েছেন।
ভুক্তভোগী দোকানদার ব্যবসায়ীদের দাবি, আমরা মার্কেট মালিকদের কাছ থেকে ৯৯ বছর মেয়াদে চুক্তিপত্র সম্পাদন পুর্বক উল্লেখিত দোকানঘর বুঝে নিয়ে ফার্মেসী ব্যবসা ও ল্যাব হাউজ ডায়াগণস্টিক সেন্টারে চিকিৎসা সেবা দিয়ে আসছি। এসব আমরা দোকানঘরে ৩৭ বছর ধরে ব্যবসা করে আসছি বলে জানান ব্যবসায়ীরা। ভুক্তভোগীরা জানান, জবরদখল চেষ্টার আশঙ্কা ইতোমধ্যে মার্কেট মালিক ও ভুক্তভোগী দোকানদাররা চকরিয়া থানায় একটি জিডিও করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তাঁরা।
উল্লেখ যে, চকরিয়া সরকারি হাসপাতাল সড়কের এ মার্কেটের জায়গা চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান এবং চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের মাস্টারপাড়া গ্রামের মরহুম ইসহাক আহমদ এর ক্রয়কৃত সম্পত্তি।




