কক্সবাজার প্রতিনিধি: কুতুবদিয়ায় পিলটকাটা খাল ভরাট করে লবন মাঠ তৈরির হিড়িক পড়েছে। প্রতিবছর উপজেলার ভেতরে একমাত্র খালটি ভরাট হয়ে অর্ধেকে ঠেকেছে। ফলে বৃষ্টির পানি সহ লবন চাষে পানির মারাত্বক সংকট সৃষ্টি হচ্ছে।
কৈয়ারবিল-লেমশীখালী সংযোগ সেতুর দক্ষিণে রোড পাড়া নামক স্থানে উভয় পাশে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যাক্তি সরকারি খাল দখল করে বাঁধ দিয়ে লবনের মাঠ তৈরি করায় এ সংকট আরো তীব্র হয়েছে। সরকারি খাস খতিয়ানে প্রতিবছর ভরাট করে লবনের মাঠ তৈরি করলেও প্রশাসনের নজরে পড়ছেনা।
বিষয়টি নিয়ে জনস্বার্থে উপজেলা নির্বাহী অফিসারকে একটি অভিযোগ দিয়েছেন স্থানীয় ২ নং ওয়ার্ডের বাসিন্দা আবু শামা।
তিনি বলেন, পিলটকাটা খাল ক্রমশ: ভরাট হয়ে যাচ্ছে। অবৈধ খালের অর্ধেকটা বাঁধ দিয়ে লবনের মাঠ তৈরি করছে স্থানীয় ছৈয়দ আলম, আবু বকর, আব্দু শুক্কুর, নুরুল আলম, মফিজ আলমসহ বেশ কয়েক জন। ৪ ইউনিয়নে পানি চলাচলের একমাত্র খালটি ভরাট করায় তারা বাঁধা দিলেও কর্ণপাত করছেনা কেউ। তাই জনস্বার্থে তিনি এ অভিযোগ দিয়েছেন।
পাশ্ববর্তী দোকানদার মোজাম্মেল হক জানান, প্রতিবছরই কিছু কিছু খালের দিকে ভরাট করে লবন মাঠ তৈরি করে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। সৈয়দুল করিম নামের এক ব্যক্তি খালের দিকে ভরাট করে গাছ লাগিয়ে দখলে নিয়েছে।
বাঁধ নির্মাণ করে লবন মাঠ তৈরি ব্যাপারে আব্দু শুক্কুর বলেন, তাদের বন্দোবস্তির জায়গায় বাঁধ দিয়ে লবন চাষ করছেন। নিয়মিত খাজনাও দেন বলে জানান তিনি। এখানে অন্য কোন ব্যক্তির জায়গা নেই।
স্থানীয় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু আহমেদ বলেন, খাল এমনিতে ভরাট হয়ে যাচ্ছে। সুযোগ বুঝে অনেকেই বাঁধ দিয়ে লবন মাঠ বৃদ্ধি করার চেষ্টা করছে। বিষয়টি তাকে কেউ জানায়নি। জনস্বার্থে পিলটকাটা খাল রক্ষায় সবাইকে এগিয়ে আসার তাগিদ দেন তিনি।
ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা রিদোয়ানুল মোস্তফা বলেন, নতুন করে খালে বন্দোবস্তি দেয়া বা নেয়ার কোন সুযোগ নেই। পিলটকাটা খালটি ভরাট হয়ে ক্রমেই সরু হচ্ছে। এটি সংস্কার করা প্রয়োজন। এর মধ্যে বাঁধ দিয়ে লবন মাঠ তৈরি করা হলে পানি চলাচলের মারাত্বক বিঘ্ন ঘটবে বলে তিনি মনে করেন।




