প্রয়োজনের তাগিদে ঋণ গ্রহণ ইসলামে বৈধ হলেও অকারণে ধার করা অত্যন্ত নিন্দনীয়। ঋণের ভারে মানুষ অনেক সময় সামাজিকভাবে লাঞ্ছিত ও অপদস্থ হয়, এমনকি অনেকে এই বোঝা সইতে না পেরে আত্মহত্যার মতো পথ বেছে নেয়। একজন মোমিনের জান্নাত লাভের পথে ঋণ একটি বড় অন্তরায়। এ কারণেই রাসুল (সা.) মৃতের সম্পদ উত্তরাধিকারীদের মধ্যে বণ্টনের পূর্বে তার ঋণ পরিশোধের ওপর বিশেষ তাগিদ দিয়েছেন (সুনানে ইবনে মাজাহ : ২৪৩৩)। এমনকি শহিদের সব গোনাহ মাফ হলেও ঋণ মাফ হয় না; রাসুল (সা.) বলেছেন, 'ঋণ ছাড়া শহিদের সব গোনাহ ক্ষমা করে দেওয়া হয়' (মুসলিম : ৪৭৭৭)।
ঋণ পরিশোধের ক্ষেত্রে নির্ধারিত সময় মেনে চলা প্রতিটি ঋণগ্রহীতার কর্তব্য, কারণ এটি একটি আমানত বা প্রতিশ্রুতি। ওয়াদা রক্ষা না করলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে নানা সংকট তৈরি হয় এবং পারস্পরিক বিশ্বাসের ভিত নড়বড়ে হয়ে পড়ে। আল্লাহতায়ালা মোমিনদের অঙ্গীকার পূর্ণ করার নির্দেশ দিয়ে বলেছেন, 'হে মোমিনরা, তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ কর' (সুরা মায়িদা : ১)। কেয়ামতের দিন এই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে (সুরা বনি ইসরাইল : ৩৪)। এছাড়া ওয়াদা ভঙ্গ করা মোনাফিকের লক্ষণ হিসেবে চিহ্নিত (বোখারি : ৩৩)।
ঋণ পরিশোধের সদিচ্ছা থাকলে মহান আল্লাহ তা আদায়ের ব্যবস্থা করে দেন। রাসুল (সা.) বলেন, 'যে ব্যক্তি মানুষের মাল (ধার) নেয় পরিশোধ করার মানসে, আল্লাহ তা আদায়ের ব্যবস্থা করে দেন। আর যে তা নেয় বিনষ্ট (গ্রাস) করার নিয়তে, আল্লাহ তাকে ধ্বংস করেন' (বোখারি : ২৩৮৭)। তাই ঋণ পরিশোধে গড়িমসি করা বা সক্ষম হওয়ার পরও টালবাহানা করা জুলুমের অন্তর্ভুক্ত। তবে যথাযথ চেষ্টার পরও যদি কেউ অক্ষম হয়, তবে তার করণীয় হলো ঋণদাতার কাছে বিনম্রভাবে নিজের অপারগতা প্রকাশ করে সময় বাড়িয়ে নেওয়া।
ঋণদাতা বিপদের সময় সহযোগিতা করায় তার সাথে উত্তম আচরণ করা মানবিক দায়িত্ব। রাসুল (সা.) ঋণ পরিশোধের ক্ষেত্রে উত্তম আচরণের শিক্ষা দিয়েছেন। আবু হুরায়রা (রা.) সূত্রে বর্ণিত, এক পাওনাদার রূঢ় ভাষায় তাগাদা দিলে সাহাবিরা তাকে শায়েস্তা করতে চাইলে রাসুল (সা.) বাধা দিয়ে বলেন, 'তাকে ছেড়ে দাও। কেননা, পাওনাদারের (কড়া) কথা বলার অধিকার রয়েছে।' তিনি বরং তাকে উত্তম পন্থায় পাওনা পরিশোধের নির্দেশ দেন (বোখারি : ২৩০৬)। এছাড়া পাওনাদারের সঙ্গে সব সময় বিনম্র ও ভদ্র আচরণ করা বাঞ্ছনীয়। রাসুল (সা.) নিজেও পাওনাদারের কঠোর আচরণের বিপরীতে ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং তার পাওনা যথাসময়ে মিটিয়ে দিয়েছেন (সুনানে ইবনে মাজাহ : ২৪২৬)।
পরিশেষে, ঋণ পাওয়া ও প্রয়োজন পূরণ হওয়া আল্লাহর বিশেষ অনুগ্রহ। তাই ঋণদাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং তার জন্য দোয়া করা প্রয়োজন। রাসুল (সা.) বলেন, 'মানুষের প্রতি যে ব্যক্তি কৃতজ্ঞ নয়, আল্লাহর প্রতিও সে কৃতজ্ঞ নয়' (তিরমিজি : ১৯৫৫)। কারো অনুগ্রহের প্রতিদান হিসেবে 'জাযাকাল্লাহু খাইরান' বলে দোয়া করার নির্দেশনা দিয়েছেন নবীজি (সা.) (তিরমিজি : ২০৩৫)।
ঋণ পরিশোধে গড়িমসি না করা : দেনা পরিশোধে সক্ষম হয়ে অযথা টালবাহানা করা মহাঅন্যায়। এটা জুলুমের অন্তর্ভুক্ত। রাসুল (সা.) বলেন, 'ধনী ব্যক্তির ঋণ পরিশোধে গড়িমসি করা জুলুম। যখন তোমাদের কাউকে (তার জন্য) কোনো ধনী ব্যক্তির হাওয়ালা করা হয়, তখন সে যেন তা মেনে নেয়।' (বোখারি : ২২৮৭)। তবে ঋণগ্রস্থ ব্যক্তি যথাযথ পূর্ব পদক্ষেপ নেওয়ার পরও নির্ধারিত সময় কর্জ আদায়ে অক্ষম হলে, সে গোনাহগার হবে না। অবশ্য তার করণীয় হলো, ঋণদাতার কাছে বিনম্রভাবে নিজের অপারগতা প্রকাশ করে সময় বাড়িয়ে নেওয়া।




