পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। হামিদা-সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহমুদুর রহমান মামুন। এছাড়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।
আয়োজকরা জানান, উস্তাজুল কুররা মরহুম হাফেজ ক্বারী মো. সাইদুর রহমান ও রত্নগর্ভা মরহুমা হামিদা বেগমের স্মরণে হামিদা-সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত ক্বারীরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। আন্তর্জাতিক ক্বারীদের মধ্যে উপস্থিত ছিলেন মিশরের ক্বারী আবদেল নাসের হারাক, পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান বুখারী, আফগানিস্তানের ক্বারী আব্দুল কবির হায়দারী, ইরানের ক্বারী ওয়াহিদ খাজায়ঈ এবং দক্ষিণ আফ্রিকার ক্বারী জোবায়ের বারদাঈ। এছাড়া বাংলাদেশের হাফেজ ক্বারী মোহাম্মদ জাকারিয়া এবং স্থানীয় অনেক হাফেজ ও ক্বারীরা এ সম্মেলনে অংশ নেন।




