২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা বীরোচিত সাহসিকতার পরিচয় দিয়েছে এবং এই ঐতিহাসিক আন্দোলনে দেশের সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শনিবার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ভেটেরানস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন যে, দেশের টেকসই উন্নয়নের জন্য গণতন্ত্রের কোনো বিকল্প নেই।
স্পিকার বলেন, দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করা অত্যন্ত গৌরবের বিষয় এবং দেশের প্রয়োজনে সামরিক বাহিনীর সদস্যরা কখনোই জীবন উৎসর্গ করতে পিছপা হননি। তিনি বিগত ১৫ বছরের সময়কালকে দুঃশাসনের ইতিহাস হিসেবে অভিহিত করে বলেন, সেই সময় উদ্যত সঙ্গিনের সামনে শহীদ আবু সাঈদ বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে স্পিকার আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, একাত্তরে ইস্টবেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন দেশের পাঁচটি ক্যান্টনমেন্টে প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল। তবে দুঃখজনকভাবে মুক্তিযুদ্ধের পর ইস্টবেঙ্গল রেজিমেন্টের সেই অবদান ও কৃতিত্ব অস্বীকার করা হয়েছিল। স্বাধীনতার পরপরই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের জীবন রক্ষার তাগিদে তৎকালীন সময়ে প্রশিক্ষণ ছাড়াই দেশের মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছিল। তিনি দাবি করেন, পৃথিবীর অন্য যেকোনো জাতির তুলনায় বাংলার দামাল সন্তানেরা অনেক বেশি সাহসী।
সিলেটের এমসি কলেজ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের সম্মুখসমরের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি কর্নেল মোদাচ্ছির আলী খানের অসীম সাহসিকতার প্রশংসা করেন। রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে নিজের সম্পৃক্ততার কথা তুলে ধরে তিনি বলেন, সামরিক বাহিনীতে কাটানো আট বছর ছিল তার জীবনের শ্রেষ্ঠ সময়। অনুষ্ঠানে সামরিক বাহিনীর জ্যেষ্ঠ অবসরপ্রাপ্ত কর্মকর্তা, ইস্টবেঙ্গল রেজিমেন্টের অবসরপ্রাপ্ত সেনাসদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




