চকরিয়া অফিস : দেশের মানুষ স্বাভাবিক আছে, ভাল আছে-এটা বিএনপির পছন্দ না। তাদের পছন্দ দুর্ভোগ তৈরি করা। আওয়ামী লীগ জনগণের সাথে আছে। আওয়ামী লীগ ৭৪ বছরে একদিনও জনগণকে ছেড়ে যায়নি। আমাদের সম্পদই হচ্ছে জনগণ। বিএনপি ক্ষমতায় যেতে এখন বিদেশীদের কাছে হাজিরা দিচ্ছে।আজ শুক্রবার (২৩ জুন) বিকাল তিনটায় চকরিয়া কোরক বিদ্যাপীঠ মিলনায়তনে দলের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সালাহউদ্দিন আহমদ সিআইপি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দেশপ্রেম, দেশের মানুষের প্রতি তার যে ভালবাসা সেটা অতুলনীয়। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে রাজনীতির অগ্রভাগে নেতৃত্ব দিয়ে আসছে আওয়ামী লীগ।
সালাহউদ্দিন সিআইপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল অর্জন গুলো কিছু খারাপ লোকের কারণে ভুলুণ্ঠিত হচ্ছে। দীর্ঘ ৪৩ বছর পর দলের এমপি জাফর আলমকে পেয়ে দূ:খ মোচন হবে মনে করেছিলাম। কিন্তু গত সাড়ে চার বছরে তার নানা অপকর্মে শেখ হাসিনার সব অর্জন শেষ করে দিয়েছে। এমপি জাফর আলম ৯১ সালে জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী মাহমুদুল করিম চৌধুরীর পক্ষে নির্বাচনী কর্মকান্ড পরিচালনা করেছিলেন। এক সময়ের বাসদ নেতা পরে জাসদ থেকে সরাসরি ‘৯৬সালে আওয়ামী লীগে যোগদান করেন তিনি। তার নেতৃত্বে হাজার হাজার একর চিংড়িঘের দখল, জমি দখল, আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীদের নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং শতাধিক পাহাড় কেটে ধ্বংস করা হয়েছে। মালেয়শিয়ায় সেকেন্ড হোম করেছে। সেখানে ছেলেকে দিয়ে টাকা পাচার করেছে। আমেরিকায় মেয়ের জামাই দিয়ে টাকা পাচার করেছে। তার এতো অবৈধ সম্পদ ইতোমধ্যে দুদকে তলব করেছে।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সরওয়ার আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক ও সাবেক ছাত্রনেতা আবছার উদ্দিন মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য সম্পাদক খালেদ মিথুন, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সাবেক আহবায়ক অধ্যাপক গিয়াস উদ্দিন, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন বাবুল, উপজেলা আওয়ামী লীগ সদস্য আলমগীর হোছাইন, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, পরিমল বড়ুয়া, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শওকত হোছেন, মাতামুহুরীর সাংগঠনিক সম্পাদক ইকবাল দরবেশী, জসিম উদ্দিন টিপু, আওয়ামী লীগ নেতা আমান উদ্দিন, নুরুল আমিন টিপু, কৃষকলীগ নেতা বোরহান, শ্রমিকলীগ নেতা সাইফুদ্দিন মামুন, জহিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান ও মিজবা উদ্দিন বাপ্পী প্রমুখ।




