নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, “সার ব্যবস্থাপনা ও উপকরণ” দপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা গোলাম রাজ্জাক নিজেকে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে গত সাত বছর ধরে রাজধানীর শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দাদের ব্যাপক উৎপাত করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ৯ই জুন ২০২৩ ইং তারিখে স্বরাষ্ট্রমন্ত্রীকে কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব পরিচয় দিলে বিপত্তি শুরু হয়। সেখানে উপস্থিত থাকা শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়ার নজরে আসলে বিষয়টি তদন্ত শুরু হয়। জেরার মুখে গোলাম রাজ্জাক স্বীকার করতে বাধ্য হন যে তিনি কোন উপসচিব বা যুগ্ম-সচিব নন। একজন অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা মাত্র।
যুগ্মসচিব পরিচয়ে তার নিজ বিল্ডিং এর অন্যান্য ফ্লাট মালিকদের সবসময় ভয়ভীতি দেখাতেন বলে অভিযোগ পাওয়া গেছ। তার বিভিন্ন ক্ষমতার অপব্যবহারের শিকার হন অনেক এলাকাবাসী।
অনুসন্ধানে জানা যায় ১১ই জুন ২০২৩ ইং তারিখে গোলাম রাজ্জাকের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা চেষ্টার মামলা রয়েছে। যার মামলা নম্বর ২২।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গোলাম রাজ্জাক বহিরাগত লোকজন সহ একই বিল্ডিং এর অপর ফ্লাট মালিক আল ইমরানকে লোহার রড, বেলচা ও বটি ইত্যাদি দিয়ে হত্যা চেষ্টা করে। উক্ত বিষয়টি শ্যামলী ৩নং নম্বর রোডের রাস্তার সিসিটিভি ফুটেজে তা স্পষ্ট দেখা যায়। ইতোমধ্যে সিসিটিভ’র ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরালও হয়েছে।
সরেজমিনে দেখা যায়, গোলাম রাজ্জাক শ্যামলী ৩নং নম্বর রোডের ২৭/৩ বাড়ির এ/1 নং ফ্ল্যাটে বসবাস করেন। একই বিল্ডিং’র অন্য ফ্ল্যাট মালিক মাহজিব ফ্লাট নম্বর c/2, সোহেব ফ্লাট নম্বর এ/3, আসমা ফ্ল্যাট নম্বর সি/1, ফয়েজ আহমেদ ফ্ল্যাট নম্বর সি/5, সালাউদ্দিন ফ্লাট নম্বর সি/3, আনোয়ার হোসেন ফ্ল্যাট নম্বর বি/1, তাদের সাথে যোগাযোগ করে ঘটনার সত্যতা পাওয়া যায়।
গোলাম রাজ্জাকের দুই ছেলের বিরুদ্ধেও এলাকায় নানা ধরণের অপকর্মের অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে চুরি ও মাদক সেবনসহ অনেক অভিযোগ রয়েছে। কয়েকদিন আগে গোলাম রাজ্জাকের ছোট ছেলে রিয়ান’র বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ পা্ওয়া গেছে। উক্ত অভিযোগের বিষয়ে থানায় যোগাযোগ করলে শেরেবাংলা নগর থানা সুত্রে জানা যায় তাঁর ছেলের বিরুদ্ধে একটি জিডি আছে। যার জিডি নাম্বার 2119 তারিখ ২৮-৮-২০২২ইং।
এছাড়াও গোলাম রাজ্জাকের বিরুদ্ধে একই বিল্ডিং’র সার্ভিস চার্জের জন্য অতিরিক্ত বিল সংগ্রহ করে আত্মসাৎ এর অভিযোগও আছে। এই সব বিষয়ে কেউ অভিযোগ করলে নিজেকে যুগ্ম-সচিব পরিচয় দিয়ে অন্যান্য ফ্লাট মালিকদের নানাভাবে হয়রানি করতেন বলে জানা যায়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ফ্লাট মালিক জানান, আমরা রাজ্জাক ও তাঁর ছেলেদের অপকর্মে অতিষ্ঠ হয়ে গেছি। প্রশাসনকে তাদের আইনের আওতায় আনার দৃষ্টি আর্কষণ করছি।




