টাঙ্গাইল প্রতিনিধি: দলের সিদ্ধান্ত অমান্য করে টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ায় উপজেলা বিএনপির সভাপতি এনামুল করিম অটলসহ তিনজনকে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৯ জুন) দুপুরে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাঁদের বহিষ্কার করা হয়। বহিষ্কারের চিঠি নেতাদের কাছে পাঠানো হয়েছে।
বহিষ্কৃত অপর দুই নেতা হলেন বাসাইল উপজেলা যুবদলের আহ্বায়ক ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহানুর রহমান ভূইয়া এবং পৌর যুবদলের আহ্বায়ক ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বাবুল আহমেদ। এছাড়া বহিষ্কৃত হওয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল করিম অটল মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘বিএনপি এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। অথচ দলের একজন সদস্য হয়ে ব্যক্তিস্বার্থ চিন্তা করে এ সিদ্ধান্তকে উপেক্ষা করেছেন। ৫ জুন কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর নির্দিষ্ট সময় অতিবাহিত হলেও নোটিশের জবাব দেননি, যা গুরুতর অসদাচরণ।
চিঠিতে আরো বলা হয়, ‘১৫ বছর ধরে অগণতান্ত্রিক শাসকগোষ্ঠীর দ্বারা যারা গুম, খুন ও পৈশাচিক নিপীড়নের শিকার হয়েছেন, প্রার্থিতা প্রত্যাহার না করে আপনি তাদের পরিবারসহ দেশের গণতন্ত্রকামী বিপুল জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন। এ ধরনের অবজ্ঞা ও ঔদ্ধত্যের জন্য বিএনপির গঠনতন্ত্রের বিধান অনুযায়ী দলের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে আপনাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। গণতন্ত্র উদ্ধারের ইতিহাসে আপনার নাম একজন বেইমান, বিশ্বাসঘাতক ও মীর জাফর হিসেবে উচ্চারিত হবে।’
টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তারা এক মাস আগে পদ থেকে অব্যাহতি চেয়ে একটি চিঠি জেলা কমিটির কাছে জমা দেন। সেটি আমরা গ্রহণ করি। বহিষ্কৃতদের পক্ষে দলের কোনো নেতাকর্মী যদি নির্বাচন করেন, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।




