নওগাঁ প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি বলেছেন, বিদেশে যাওয়ার মানুষগুলোকে নিয়ে আমি কাজ করি। এরা দেশের রেমিট্যান্স যোদ্ধা। এদেরকে দক্ষতা করে গড়ে তোলা আমার মন্ত্রণালয়ের কাজ। দক্ষতা উন্নয়ন করে বিদেশে পাঠাতে না পারলে কোনো দেশেই অদক্ষ শ্রমিকের বাজার নেই। আজ রবিবার সকাল ১১টায় রাণীনগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ইমরান আহমেদ বলেন, ‘প্রধান মন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বিদেশগামী জনশক্তি গুলোকে দক্ষতায় রূপান্তরিত করার লক্ষ্যে দেশব্যাপী জেলা শহরসহ উপজেলা পর্যায়ে ৪০টি টিটিসি ও একটি আইএমটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এই কেন্দ্র গুলোতে ১৮ বছর বয়সের ছেলে-মেয়েরা নিয়মিত প্রশিক্ষণ শেষে দক্ষতায় উন্নতি করে বিদেশের বাজারে তারা সুনামের সহিত কাজ করে এ দেশের রেমিট্যান্স পাঠিয়ে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখছে। এখানে কৃষকরাও ধান কৃষি অফিসের সহযোগিতায় ধান লাগানো ফলদ বৃক্ষ লাগানোসহ নানান ধরণের প্রশিক্ষণ নিতে পরবে।
তিনি আরো বলেন, ‘২০০৮ সাল থেকে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করার কাজ করছে সরকার। নিজেকে স্মার্ট করে গড়ে তুলতে পারলে দেশে বিদেশে কাজ কর্মের দক্ষতা হাসিল করতে পারলে জাতি হিসেবে আমরা সবাই লাভবান হবো। যার কারণে কারিগরি শিক্ষা মানুষের দোরগোড়াই পৌঁছে দেওয়ার লক্ষ্যে সারা দেশের মতো রাণীনগর উপজেলাতে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে।’
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহা পরিচালক মো. শহীদুল আলম এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, প্রকল্প পরিচালক মো. সাইফুল হক চৌধূরী অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ দুলু নওগাঁর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মিজানূর রহমান, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন প্রমুখ।




