মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার): নবগঠিত ঈদগাঁও উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে মোহাম্মদ জাকারিয়াকে। তিনি বর্তমানে কক্সবাজার সদর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা গতকাল (০৪ জুন) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। এতে স্বাক্ষর করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রশাসনিক কার্যক্রম সম্পাদনের সুবিধার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
জনস্বার্থে জারিকৃত এ আদেশে আরো বলা হয়, নবনিযুক্ত ইউএনও বিধি মোতাবেক অতিরিক্ত দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। অত্র কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (সংস্থাপন) এস, এম, হাসান প্রজ্ঞাপনটির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট সকলের নিকট অগ্রায়ণ করেছেন।




