মিজবাউল হক, চকরিয়া : চকরিয়ায় বাস চাপায় কলেজ ছাত্রের মৃত্যুতে মহাসড়ক অবরোধ করেছেন শতশত শিক্ষার্থী। তারা সহপাঠীর মৃত্যুর সাথে জড়িতদের গ্রেফতার ও ফাঁসি দাবি করেন। আজ সোমবার (২৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলা ডুলাহাজারা কলেজ গেট এলাকায় সড়কে বিক্ষোভ করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এরপর দুই ঘন্টা পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান গনমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত রবিবার (২৮ মে) দুপুর দেড়টার দিকে কলেজ গেট এলাকায় মারসা পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন বাইক আরোহী রাকিব। তাকে প্রথমে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ও পরে চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সোয়া ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাকিব চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালুচর গ্রামের মো. মনছুর আলমের ছেলে ও ডুলাহাজারা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।
তার মৃত্যুর খবরে সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ডুলাহাজারা কলেজ গেট এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন শতাধিক শিক্ষার্থী। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তারা রাকিবের মৃত্যু ঘটনায় বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা, কলেজ গেট সড়কে গতিরোধক তৈরিসহ কয়েকটি দাবি তুলে ধরেন। দুই ঘন্টা ধরে যান চলাচল বন্ধ থাকায় দূর্ভোগে দুরপ্লাল্লার শতশত গাড়ি। পরে সংশ্লিষ্ঠ প্রশাসনের আশ্বাসের পর যান চলাচল স্বাভাবিক হয়।
খবর পেয়ে দুপুর ১২টার দিকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান ও থানার ওসি ঘটনাস্থলে যান। তাদের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। পরে পরিবহন শ্রমিকদের প্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে বসেন ইউএনও।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, ‘শিক্ষার্থী নিহতের ঘটনাটি খুবই বেদনাদায়ক। দাবি পূরণের আশ্বাসে শিক্ষার্থীদের কলেজে ফিরিয়েছি। কলেজে উভয় পক্ষের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আলোচনায় বসেছি। আশা করছি তাদের দাবি বাস্তবায়ন হবে।




