চকরিয়া অফিস : কক্সবাজারের চকরিয়ায় শিশু গৃহকর্মীকে নির্যাতন করে হত্যা মামলার আসামী গৃহকর্তী সুমা আক্তারকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-১৫।আজ শনিবার (২৭ মে) দুপুর সাড়ে তিনটার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়া থেকে সুমা আক্তারকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত ১০ মে উপজেলার কাকারা ইউনিয়নের হাজিয়ানপাড়া এলাকার হারুন কামালের বাড়ির শিশু গৃহকর্মী মিফতাহ মনি (১০)কে তার স্ত্রী সুমা আক্তার ও স্বামী নির্যাতন করে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দেন। বাড়িতে খবর দেয়া হয় ডায়রিয়ায় তার মৃত্যু হয়েছে। পরবর্তীতে গৃহকর্মীর মরদেহ এ্যম্বুলেন্স এ করে মহেশখালীতে পাঠিয়ে দিয়ে স্বামী-স্ত্রী দ্জুনেই পালিয়ে যায়। এ ঘটনার ৬দিন পর মিফতাহ মণির পিতা সৈয়দ নূর বাদী হয়ে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় স্বামী-স্ত্রীসহ অজ্ঞাত দুইজনকে আসামী কার হয়। মিফতাহ মনি মহেশখালী উপজেলার গোরকঘাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সিকদার পাড়ার সৈয়দ নূরের মেয়ে।
মামলা দায়েরের ১৫দিন পর র্যাব-১৫ এর এক একটি দল অভিযান চালিয়ে মামলার দুই নম্বর আসামী সুমা আক্তারকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সুমা আক্তার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানায় র্যাব।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সুমা আক্তারকে আগামীকাল রবিবার আদালতে উপস্থাপন করা হবে।




