গাজীপুর শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষের জেরে মোট ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আজ রোববারের জন্য আরও পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। একই সময়ে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা হাইড্রো অক্সাইড লিমিটেড কারখানার সামনে অবস্থান নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দেন।
পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, শ্রমিকেরা সকাল থেকে বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা করলেও বাহিনীর তৎপরতায় তা সফল হয়নি। শিল্প এলাকার গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্টে অতিরিক্ত সদস্য মোতায়েন রাখা হয়েছে।
কারখানা বন্ধের বিষয়ে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ একটি নোটিশ দিয়েছে। কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা এলাকার এই কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজ করেন। নোটিশে উল্লেখ করা হয়, ন্যূনতম মজুরির দাবিতে চলমান অসন্তোষের মধ্যে কারখানায় ভাঙচুর এবং কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সরকার ও বিজিএমইএ মজুরি বিষয়ে স্পষ্ট ঘোষণা দেওয়ার পরও বহিরাগত শ্রমিকদের প্ররোচনায় বিক্ষুব্ধ ব্যক্তিরা কারখানায় ঢুকে ভাঙচুর চালান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং শ্রমিক ও কর্মকর্তারা আহত হয়েছেন। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ ছাড়াও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট, এপেক্স হোল্ডিং লিমিটেড এবং মৌচাক এলাকার মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেডসহ অন্তত ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।




