কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের নামাপাড়া এলাকায় পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি একই সঙ্গে দুজনের কাছে বিক্রি করার অভিযোগ উঠেছে সৈয়দ মাহবুবুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে জমি কিনে পজিশন নেওয়া আবুল কালাম ও অপর ক্রেতা মো. মানিক মিয়ার সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রতিপক্ষের বিরুদ্ধে জোরপূর্বক ফিসারি ও মুরগির খামার দখলের চেষ্টার অভিযোগ এনে কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী আবুল কালাম।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, নামাপাড়া এলাকার মরহুম সৈয়দ আব্দুর রাজ্জাকের ছেলে সৈয়দ মাহবুবুর রহমান সোলেনামা দলিলের মাধ্যমে পৈতৃক সূত্রে ২৬২ শতাংশ জমি পান। এছাড়া কিশোরগঞ্জ পৌরসভা মৌজার আরএস খতিয়ানের ৩৬৪১, ৩৬৩৮, ৩৬৩৯, ৩৬৪৮, ৩৬৪৭ ও ৩৬৪৬ দাগে মোট ৮৯ শতাংশ জমির মালিক হন তিনি। পরবর্তী সময়ে ২০২৪ সালের জুন মাসে এই ৮৯ শতাংশ জমির ফিসারি পাঁচ বছরের জন্য আড়াই লাখ টাকায় মো. আবুল কালামের কাছে লিজ দেন মাহবুবুর রহমান। আবুল কালাম সেখানে দীর্ঘদিন ধরে মাছ চাষ ও মুরগির খামার পরিচালনা করে আসছিলেন।
লিজের চুক্তি চলার দেড় বছরের মাথায় মাহবুবুর রহমান জমিটি বিক্রির প্রস্তাব দিলে আবুল কালাম তা কিনতে সম্মত হন। চুক্তি অনুযায়ী ২০২৬ সালের ২২ জুন ২ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকায় ৪৪৩৭/২০২৬ নম্বর অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিলের মাধ্যমে ৮৯ শতাংশ জমির দখল আবুল কালামের কাছে হস্তান্তর করা হয়। তবে এই হস্তান্তরের প্রায় তিন মাস পর, ৩১ অক্টোবর মানিক মিয়া স্থানীয় দলবল নিয়ে পুকুরটি দখলের চেষ্টা চালান বলে অভিযোগ ওঠে। অন্যদিকে মানিক মিয়ার দাবি, তিনি ৪৯৬৭/২০২৬ নম্বর সাফ কাওলা দলিলে জমি কিনে প্রকৃত মালিক হয়েছেন।
ঘটনা প্রসঙ্গে আবুল কালামের ছেলে আজিজুল হক জানান, মাহবুবুর রহমানের বাবার জীবদ্দশা থেকেই তারা ওই ফিসারি লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। তার মৃত্যুর পর নতুন করে পাঁচ বছরের চুক্তি করা হয় এবং পরবর্তীতে নগদ ২ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা পরিশোধ করে পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে জমির মালিকানা ও দখল নেওয়া হয়। মানিক মিয়া দখলের চেষ্টা চালালে তাকে প্রশ্ন করা হলে তিনি তাদের দলিলের ১৫ দিন পরের একটি দলিল দেখান, যার কোনো আইনগত বৈধতা নেই। আজিজুল হক আরও জানান, এ নিয়ে সামাজিক সালিশ বৈঠকের পাশাপাশি আদালতেও বিচার চাওয়া হয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা নিজাম উদ্দিন বলেন, আবুল কালাম দীর্ঘদিন ধরে ফিসারিটি লিজ নিয়ে পরিচালনা করছেন। মূল মালিকের ছেলেরা এলাকায় না থাকায় পৈতৃক সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন এবং মানিকের কাছেও আগে অনেক সম্পদ বিক্রি করেছেন। তবে এই ফিসারি যে আবুল কালামের কাছে বিক্রি হয়েছে তা এলাকার সবাই জানে। সামাজিক দরবারে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও মানিক মিয়া আবুল কালামকে টাকা ফেরত নেওয়ার কথা বলছেন। অপর বাসিন্দা আব্দুল আলী মন্তব্য করেন, ফিসারি লিজে থাকা অবস্থায় কথা না বলে গোপনে কেনা ঠিক হয়নি; কথা বললে আগে বিক্রি হয়েছে কিনা তা জানা যেত। দলবল নিয়ে জমি দখলে যাওয়া অনভিপ্রেত।
আবুল কালামের পাওয়ার অব অ্যাটর্নি দলিলের লেখক মো. উসমান গনি জানান, ক্রেতা-বিক্রেতা উভয়ের উপস্থিতিতে সাফ কাবলার চেয়ে খরচ কম হওয়ায় অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি করা হয় এবং দাতা সশরীরে সাব-রেজিস্ট্রারের কাছে জবানবন্দি দিয়ে দলিল সম্পাদন করেন। কিন্তু পরবর্তী মাসে তথ্য গোপন করে মাহবুবুর রহমান ২৬.২৫ শতাংশ জমির আরেকটি সাফ কাবলা দলিল মানিক মিয়াকে করে দেন। উসমান গনির অভিযোগ, মানিক মিয়া এখন সংবাদ সম্মেলন করে আগে জমি কেনার দাবি তুলে বিতর্ক সৃষ্টি করতে চাইছেন।
অপরদিকে মানিক মিয়ার দলিল লেখক কামরুল ইসলাম বলেন, লাইসেন্সধারী দলিল লেখক হিসেবে আগের কোনো পাওয়ার অব অ্যাটর্নির কথা জেনে দলিল সম্পাদন করলে নিজের পেশাগত সুনাম নষ্ট হবে। জেনেশুনে কেউ এমন ভুল করবে না উল্লেখ করে তিনি বলেন, মাহবুব পক্ষ যা করেছে তা সম্পূর্ণ বেআইনি। দখলচেষ্টার অভিযোগের ব্যাপারে মো. মানিক মিয়া জানান, আবুল কালামের লিজের বিষয়টি তিনি জানতেন, কিন্তু অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নির বিষয়ে অবগত ছিলেন না। তার দাবি, ওই খামারে তার ২২ শতাংশ জমি কেনা আছে এবং পাওয়ার অব অ্যাটর্নির আগেই তার দলিল সম্পাদিত হয়েছে।
একই জমি দুজনের কাছে বিক্রির বিষয়ে সৈয়দ মাহবুবুর রহমানের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে পরে কথা বলবেন বলে জানান। তবে তিনি নিজেও প্রতারণার শিকার হয়েছেন দাবি করে ফোনের সংযোগ কেটে দেন। ঘটনাটি নিয়ে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট দেলোয়ার হোসেন বলেন, একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রির অভিযোগ উঠলে দলিলের বৈধতা, নিবন্ধনের তারিখ ও মালিকানা স্বত্ব যাচাই করা জরুরি। আদালত পাওয়ার অব অ্যাটর্নি ও পরবর্তী বিক্রয় দলিলের আইনগত কার্যকারিতা পর্যালোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।




