ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে সিএমপি অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিটের সদস্য এবং পাঁচলাইশ থানা পুলিশের একটি দল। পুলিশের অভিযোগ, জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। এছাড়া শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে তার সম্পৃক্ততা এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য আওয়ামী লীগ নেতাদের কাছে সরবরাহের গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে মামলা ও গ্রেপ্তারের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি পাঁচলাইশ থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা এবং ২০১০ সালের ১ ডিসেম্বর বাহিনীতে যোগদান করেন। এর আগে গত ১০ নভেম্বর অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর উপমহাপরিদর্শক তাকে কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। সে সময় তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় পাঠানো হয়। এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল, যিনি বর্তমানে কারাগারে রয়েছেন।




