কৃষ্ণসাগরে রোমানিয়ার দানিউব নদীর মোহনার কাছে ড্রোন হামলার শিকার হয়েছে দুটি বাণিজ্যিক জাহাজ। শনিবার (১৪ নভেম্বর) রাতে সংঘটিত এই পৃথক দুটি হামলায় জাহাজ দুটিতে আগুন ধরে যায়, তবে নাবিকদের দ্রুত তৎপরতায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়, স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে রোমানিয়ার সুলিনা বন্দরের প্রায় চার নটিক্যাল মাইল পূর্ব-দক্ষিণ-পূর্বে গ্রিসের পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘এভিয়া পেট্রল ফাইভ’-এ প্রথম ড্রোনটি আঘাত হানে। এর ৩৫ মিনিট পর রাত ৯টা ৪৫ মিনিটে সুলিনা খালের দক্ষিণ-পূর্বে পাঁচ নটিক্যাল মাইল দূরে ‘মারসোল’ নামের একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে দ্বিতীয় ড্রোনটি আঘাত করে।
রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, ঘটনার সময় দেশটির সামরিক রাডারে স্নেক আইল্যান্ডের পূর্ব দিকে একটি আকাশপথের লক্ষ্যবস্তু শনাক্ত করা হয়। এর পরপরই পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ফেতেস্তির ৮৬তম বিমানঘাঁটি থেকে দুটি এফ-১৬ যুদ্ধবিমান পাঠানো হয়।
উল্লেখ্য, ইউক্রেনের সঙ্গে সীমান্ত থাকা এবং ন্যাটোর সদস্যদেশ রোমানিয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই তাদের আকাশসীমার কাছাকাছি বিভিন্ন ড্রোন হুমকির সম্মুখীন হচ্ছে। এর ফলে দেশটিকে নিয়মিত যুদ্ধবিমান মোতায়েন ও নাগরিকদের সতর্কতা জারি রাখতে হচ্ছে। তবে সর্বশেষ এই হামলার জন্য কোন পক্ষ দায়ী, তা এখনো নিশ্চিত করতে পারেনি রোমানিয়ার কর্তৃপক্ষ। এই ঘটনায় কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।




