পেকুয়া প্রতিনিধি: কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা সাব রেজিষ্টার কার্যালয়ে ঘুষ কেলেংকারীর ঘটনায় দুই কর্মচারীকে শোকজ করেছে পেকুয়ার বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত। দুই কর্মচারী হলেন, পেকুয়া সাব রেজিষ্টার কার্যালয়ের প্রধান সহকারী অর্চনা বড়ুয়া ও মোহরার তপ্না রানী দে। গত ২৭ মার্চ পেকুয়ার নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী ওই দুই কর্মচারীকে আদালতের নির্দেশক্রমে জারিকারকের মাধ্যমে শোকজ নোটিশ প্রেরণ করেছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী কর্তৃক প্রাপ্ত অভিযোগের সূত্রে জানা গেছে, পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ফিরোজ আহমদ চৌধুরী আবাসিক এলাকার বাসিন্দা ও চট্টগ্রাম জজ কোর্ট এর বিজ্ঞ আইনজীবি বখতিয়ার উদ্দিন তার নামে গত ১৪ মার্চ ১২ লাখ টাকা মুল্যমানের একটি সাব কবলার দলিল রেজিষ্ট্রেশনের জন্য নির্ধারিত সরকারী পে-অর্ডার সংযুক্ত করে পেকুয়া সাব রেজিষ্টার কার্যালয়ে আবেদন দাখিল করেন।
অভিযোগের বিষয়ে ভুক্তভোগী আইনজীবি বখতিয়ার উদ্দিন জানান, দলিল রেজিষ্ট্রেশন এর সময় যথানিয়মে সরকারী কোষাগারে পে-অর্ডার জমা প্রদান করেন। কিন্তু সাব রেজিষ্টার মু.মামুনুল ইসলামের নির্দেশে অফিস সহকারী অর্চনা বড়ুয়া এবং মোহরার তপ্না রানী দে তার কাছ থেকে ১২ লাখ টাকা মুল্যমানের দলিল নিবন্ধনে কমিশন (নগদে ঘুষ) বাবদ ৮০ হাজার টাকা ঘুষ দাবি করেন। তাদের দাবিকৃত ঘুষের টাকা না দিলে দলিল নিবন্ধনে অস্বীকৃতি জানান অর্চনা ও তপ্না।
পরে তিনি (আইনজীবি) অনেকটা নিরূপায় হয়ে চাপের মুখে অফিস সহকারী সুচনা বড়ুয়া এবং মোহরার তপ্নাকে নগদে কমিশন বাবদ (ঘুষ) ৫০ হাজার টাকা দিতে বাধ্য হন। অবশিষ্ট ৩০ হাজার টাকা না দেওয়ায় তার সাফ কবলার দলিলের অবিকল সহিমরি কপি আটকিয়ে রাখেন ওই দুই কর্মচারী।
এদিকে ভুক্তভোগী আইনজীবি বখতিয়ার উদ্দিন এ ঘটনার প্রতিকার চেয়ে গত ১৯ মার্চ পেকুয়া সাব রেজিস্টার মু.মামুনুল ইসলাম, সাব রেজিস্টার অফিসের প্রধান সহকারি অর্চনা বড়ুয়া এবং তপ্না রানী দে এর বিরুদ্ধে পেকুয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে আদালত পেকুয়া সাব রেজিস্টার অফিসের দুই কর্মচারীকে শোকজ করেছেন।
অভিযোগের বিষয়ে জনতে পেকুয়া সাব রেজিস্টার অফিসের সদ্য বদলী সাব রেজিস্টার মু.মামুনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ সমুহ অস্বীকার করেছেন।




