চকরিয়া অফিস : চাঁদাবাজি ও দোকান দখলের অভিযোগে চকরিয়া পৌর কাউন্সিলর মুজিবুর রহমানসহ ৮ সহযোগিদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেছে এক বীর মুক্তিযোদ্ধা পরিবার।গতকাল মঙ্গলবার (২৮ মার্চ) চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালত কক্সবাজার সিআইডিকে তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
আজ বুধবার বিকালে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের নামার চিরিঙ্গার বাসিন্দা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম চৌধুরীর সহধর্মিণী সেলিনা চৌধুরী বলেন, তার স্বামীর নামে চিরিঙ্গা বায়তুশরফ মসজিতের পাশে ১৭ শতক জমি রয়েছে। সেখানে বেশকিছু দোকান ঘর তৈরী করে ভাড়া দিয়েছেন। সম্প্রতি আমার পরিবার পারিবারিক দাওয়াতে সিলেটে বেড়াতে যাই। এ সুযোগে কাউন্সিলর মুজিবুল হক তার দল বল নিয়ে তাদের মালিকানাধীন সম্পত্তিতে দোকানঘর তৈরী করছে। এর প্রতিবাদ করায় আমার পরিবারের সদস্যদের জানে মেরে ফেলার হুমকি দিচ্ছেন ওই কাউন্সিলর মুজিব। তিনি সংবাদ সম্মেলনে আইন প্রয়োগকারী সংস্থার কাছে তার পরিবারের জানমালের নিরাপত্তাও চান।
বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের ছেলে খায়রুল বাশার রনি চৌধুরী বলেন, ২০১৭ সালে পৌর কাউন্সিলর মুজিবুল হক একই জায়গা জবরদখলের চেষ্টা করেন। তখন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গেলে, চকরিয়া থানার তৎকালীন ওসির মধ্যস্থতায় ওই জায়গার দিকে আর কখনো ফিরে তাকাবেন না মর্মে মুচলেকাও দেন। এখন তা ভঙ্গ করে আবারও দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের ছেলে খায়রুল বাশার রনি বাদী হয়ে ২৮ মার্চ মঙ্গলবার চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কাউন্সিলর মুজিবুল হকসহ ৮ জনের নামে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেছেন।
বাদী পক্ষের আইনজীবী এডভোকেট ইলিয়াস আরিফ জানান, বিজ্ঞ আদলতের বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডি কক্সবাজারকে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ প্রদান করেন।




