নুরুল ইসলাম,লোহাগাড়া : কয়েক মাস ধরে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় গরু ও খাঁসির মাংস অধিক মূল্যে বিক্রি হচ্ছে, যা নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮শটাকায়। এর মধ্যে প্রায় ২৫০ গ্রাম থাকে গরুর হাঁড় ও চর্বি। প্রতি কেজি ছাগলের মাংস বিক্রি হয় হাজার টাকার অধিক মূল্যে। এমতাবস্থায় মুরগীর মাংসে প্রেটিনের স্বাদ পেতে চেষ্টা করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। কিন্তু সে মুরগীর দামও বাড়তে বাড়তে রেকর্ড গড়েছে। লোহাগাড়ায় ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে প্রতি কেজি আড়াই শ টাকায়। সোনালী মুরগী বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩শ ৭০টাকায়। লেয়ার মুরগী প্রতি কেজি ৩শ ১০টাকা। দেশী মুরগী বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬শ টাকার অধিক মূল্যে।
এলাকার মাছ বাজারেও আগুন বলে জানায় ক্রেতা সাধারণ। প্রতিকেজি ৮শ টাকার কমে সাগরের কোনো মাছ পাওয়া যাচ্ছে না। ছোট আকারের ইলিশ মাছ প্রতি কেজি সাড়ে ৮শ টাকা ও মাঝারী আকারের ইলিশের মূল্য প্রতি কেজি ১হাজার টাকা। সবজির সাথে রান্না করার চিংড়ি প্রতি কেজি ৭শ ৬০টাকা। আড়াইশ গ্রামের অধিক ওজনের চিংড়ি কেনার লোকজন তেমন নেই বললেই চলে। তবে নিম্ন আয়ের মানুষের পক্ষে তাও প্রায় অসম্ভব। গলদা চিংড়ি প্রতি কেজি ১হাজার টাকা। এলাকার পুকুরে চাষের মাছও বিক্রি হচ্ছে অধিক মূল্যে। গরিবের মাছ বলে পরিচিত পাঙ্গাস মাছের দামও বেড়ে গেছে।
অপরদিকে শীত মৌসুমের শেষ দিক থেকেই বটতলী মোটর ষ্টেশনসহ লোহাগাড়া উপজেলার প্রায় সব হাটবাজারে সবরকম সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। রমজানকে ঘিরে দাম বেড়েছে প্রায় সব সবজির। কচুর লতি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৯০টাকায়। ঢেড়স প্রতি কেজির মূল্য ১শ টাকা। বরবটি প্রতিকেজি ৮০টাকা ও তিতকরলা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০টাকায়। এছাড়াও প্রতি জোড়া লেবুর মূল্য ৪০টাকার অধিক। এভাবে প্রায় সব সবজির মূল্য নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে বলে ক্ষোভ প্রকাশ করে জানান ক্রেতারা।
পবিত্র রমজান মাসের ইফতারির বাজারেও কোনো খাবারের দাম কম নয়, বরং চড়া। ফলের বাজারেও আগুন। নিম্নআয়ের লোকজন জানান দিনের আয় নিয়ে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। রমজান মাসে পরিবারের খরচ বেড়ে যায়। এবারের রমজানে খরচ বেড়েছে অধিক। কারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য আকাশচুম্বী।




