নুরুল ইসলাম: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের ৮নম্বর ওয়ার্ডের খান মোহাম্মদ সিকদার পাড়ায় আগুণে পুড়ে ছাই হয়েছে ৭পরিবারের বসতি। এ অগ্নিকান্ডের ফলে উক্ত ৭পরিবারের অন্তত ৩০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। গত ২০ ফেব্রুয়ারী সোমবার দিবাগত রাত ২টায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র জানায়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন মাওলানা নুরুল ইসলাম, হাফেজ রফিক আহমদ, মোঃ জিয়াবুল, আব্দুল মজিদ, আব্দুর রউফ, তওহিদ ও আব্দুল খালেক। আগুণে পুড়ে ক্ষতিগ্রস্তদের বসতঘর হচ্ছে ইটের দেওয়াল, বাঁশের তৈরী বেড়া ও টিনের ছাউনির। ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন জানান, পরনের কাপড়-চোপড়গুলো ছাড়া কিছুই রক্ষা করা যায়নি। তারা এখন অসহায় হয়ে পড়েছে।
লোহাগাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর ছবুর ও ক্ষতিগ্রস্ত পরিবারের আব্দুর রউফ জানান, রাত ২টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত মোঃ জিয়াবুলের রান্নাঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুণে সূত্রপাত বলে ধারনা করা হচ্ছে। শুরুতেই আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে প্রায় সব বসতঘরে। পরিবারের সদস্যদের শোর-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলেও আগুণ নেভাতে ব্যর্থ হয়। সংবাদ পেয়ে চুনতি হতে লোহাগাড়া উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি টিম রাত পৌনে ৩টার দিকে ঘটনাস্থলে পোঁছে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন খোলা জায়গায় দিনাতিপাত করছে বলে জানা যায়।




