লোহাগাড়া প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম শহরমুখী শ্যামলী পরিবহনের এক বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। নিহতের নাম জিসান (১৬)। এ ঘটনায় আহত হয়েছে কফিল (১৯) নামে একজন। উপজেলার বার আউলিয়া (ডিগ্রি) কলেজ গেট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গত ১৮ ফেব্রুয়ারী শনিবার রাত পৌনে ১২টায় ঘটেছে এ দূর্ঘটনা। সংবাদ পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ বাস ও মোটর সাইকেলসহ লাশ হেফাজতে নেয়। নিহত জিসান লোহাগাড়া উপজেলার পদুয়া নাওঘাটা এলাকার সরওয়ারের পুত্র। আহত কফিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। তিনি পদুয়া ইউনিয়নের ধলিবিলার বাসিন্দা।
সূত্রমতে, নিহত জিসান ও আহত কফিল দুজনেই একটি গ্যারেজের শ্রমিক। কাজশেষে মোটর সাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে বাসের ধাক্কায় ছিটকে পড়ে যায়। জিসান ঘটনাস্থলেই প্রাণ হারান বলে সূত্রে প্রকাশ। দোহাজারী হাইওয়ে থানা পুলিশ সূত্র জানায়, লিখিত অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। বাস ও মোটর সাইকেল হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।



