মোঃ রেজাউল করিম, ঈদগাঁও: কক্সবাজারের লবণ শিল্পনগরী ইসলামপুর দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, এ লবণ শিল্প নগরীতে যাতায়াতকারী শিল্প সড়কগুলো খানা- খন্দক সৃষ্টি হয়ে খুবই নাজুক অবস্থায় রয়েছে। বিশেষ করে নাপিতখালী- ইসলামপুর সড়কের সংযোগস্থল রেলগেট থেকে এ, কে সল্ট পর্যন্ত সড়কটি মাটি দিয়ে করা কাঁচা রাস্তা হওয়ায় বর্ষাকালে একটু বৃষ্টিতে লবণবাহী গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে যায়। এবং প্রায় সময় দুর্ঘটনার শিকার হয়ে এ সড়কে ব্যবহৃত ১০-১২ টি লবণ ইন্ডাস্ট্রির মালিককে লক্ষ লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হতে হয়।

তাই নাপিতখালী- ইসলামপুর সড়কের রেলগেট থেকে এ, কে সল্ট পর্যন্ত সড়কটিসহ ইসলামপুরের শিল্প সড়কগুলো সংস্কার/ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের কাছে দৌড়ঝাঁপ শুরু করছেন লবণ মিল মালিক সমিতি। তাদের মতে, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে লবণ শিল্প তথা দেশের উন্নয়নের ধারাকে আরো ত্বরান্বিত করা যাবে।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়ার নিকট দাখিলকৃত এ আবেদন সূত্রে এ দৌড়ঝাঁপের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। আবেদনে স্বাক্ষর করেছেন ইসলামপুর লবণ মিল মালিক সমিতির সভাপতি শামসুল আলম আজাদ। তার পক্ষে এটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হস্তান্তর করেছেন এ, কে সল্ট ইন্ডাস্ট্রিজের পরিচালক মিনহাজ উদ্দিন এবং এম, এইচ সল্ট ইন্ডাস্ট্রিজের মোজাম্মেল হক।
আবেদনের প্রেক্ষিতে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকারিয়া উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন। আবেদনে ইসলামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল আলমের স্বাক্ষর ও রয়েছে।
বিষয়টির ব্যাপারে কক্সবাজার সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নবাগত উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি দি ক্রাইমকে জানান, স্বাভাবিকভাবে এ ধরনের আবেদন সাধারণত দুই বছরের আগে বাস্তবায়িত হয় না। আর এ সংক্রান্ত আবেদন গুলো এলজিইডির কাছে করতে হয়। এরপরও গুরুত্ব বিবেচনায় এ প্রজেক্টটি জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর তালিকায় অন্তর্ভুক্ত করেছি।
পুরো উপজেলায় জাইকার কার্যক্রম রয়েছে জানিয়ে উপজেলা প্রকৌশলী আরো বলেন, আশা করি জাইকা কর্তৃপক্ষ তাদের চূড়ান্ত প্রকল্প তালিকায় এ প্রকল্পটি অন্তর্ভুক্ত করে বাস্তবায়নের পরিকল্পনা করবেন।




