চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : গ্রাম আদালতের রায় বাস্তবায়নের নামে এক হিন্দু পরিবারের বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়েছে। ওইসময় তারা বড়বড় হাতুড়ি দিয়ে বাড়ির কয়েকটি দেওয়াল গুড়িয়ে দিয়েছে। নগদ টাকা, স্বর্ণ ও মুল্যবান জিনিসপত্রও লুট করে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন হিন্দু পরিবারটি। ঘটনার নেতৃত্বে দিয়েছেন বরইতলী ইউপি চেয়ারম্যান জামাত নেতা ছালেকুজ্জামান, ইউপি সদস্য যুবলীগের যুগ্ম আহবায়ক কাইছার উদ্দিন ও আতিক উল্লাহ।গত বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত উপজেলার বরইতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের হিন্দুপাড়া গ্রামে চলে এ তান্ডব।
পরে ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী।
এঘটনায় সংখ্যালগুদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। এদিকে ঘটনার চারদিন পরও মামলা না হওয়ায় আতঙ্ক দেখা দিয়েছে হিন্দু পরিবারের মাঝে। তারা আবারও হামলার আশঙ্কা করায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বাড়ির মালিক মিল্টন কান্তি দে জানান, আমি পেশায় একজন ট্রাক চালক। পরিবার পরিজন নিয়ে কোন রকম দিন কাটাচ্ছি।গত ০৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে তার স্ত্রী মন্দিরে প্রার্থনা করতে যান। আমিও পেশাগত কাজে পটিয়া উপজেলায় অবস্থান করি।
তিনি আরও বলেন, তার ছোট ভাই সেন্টু কান্তি দে বরইতলী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে বাড়ির মালিকানা দাবি করে একটি অভিযোগ দেন। ওই অভিযোগ নিয়ে চেয়ারম্যান ছালেকুজ্জান ও তার ওয়ার্ডের মেম্বার কাইছার উদ্দিন আর্থিক সুবিধা নিয়ে আমার বিরুদ্ধে একতরফা রায় ডিগ্রি দেন।গত ০৯ ফেব্রুয়ারি বিকাল তিনটার দিকে রায় বাস্তবায়নের নামে হাতুড়ি নিয়ে ব্যাপক ভাংচুর ও পাকা বাড়ির দেয়াল ভেঙ্গে ছোট ভাই সেন্টুকে তিনটি কক্ষ দখল দেন। এসময় আলমিরা ভেঙ্গে নগদ দুই লাখ ১৭ হাজার টাকা, তিন ভরি স্বর্ণ ও মুল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। পরে ৯৯৯ ফোনে জানালে হারবাং পুলিশ ফাঁড়ির একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে আমার স্ত্রী ও সন্তানদের জিন্মিদশা থেকে উদ্ধার করেন।
বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান বলেন, মিল্টনের ছোট ভাই সেন্টুর অভিযোগের প্রেক্ষিতে গ্রাম আদালতের রায় বাস্তবায়নে ওই বাড়িতে যান মেম্বাররা। সমাধান করার জন্য বাড়ির সমান ভাগ করে কক্ষ বুঝিয়ে দেওয়া হয়। সেখানে হামলা বা ভাঙচুর করা হয়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, বরইতলী ইউনিয়নের হিন্দুপাড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে পুলিশ ওই পরিবারের নারী শিশুকে উদ্ধার করে। দুই ভাইয়ের মধ্যে বাড়ি নিয়ে বিরোধ রয়েছে। ভাঙচুর চালিয়ে গ্রাম আদালতের রায় এভাবে বাস্তবায়ন করতে পারে কীনা জানতে চাইলে, তিনি বলেন, সেটা চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভালো বলতে পারবেন। তবে ক্ষতিগ্রস্থরা এখনো কোন অভিযোগ দেননি। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




