মো. রেজাউল করিম, ঈদগাঁও প্রতিনিধি (কক্সবাজার): গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি।আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বর্ণিত ইউনিয়নের বাঁশঘাটা এলাকায় পথযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার-রামু আসনের সাবেক এমপি লুৎফুর রহমান কাজলের নির্দেশনায় ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ মোজ্জামেল হকের নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের হাজারো কর্মী ও সমর্থক এতে অংশগ্রহণ করে।
সমাবেশে বর্তমান সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন পরিচালনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা ও তারেক জিয়াসহ সব নেতাকর্মীর মুক্তি এবং বিদ্যুৎ, গ্যাস সহ নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানানো হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ-সভাপতি ও ঈদগাঁও বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব এম, মনতাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুর রহমান শহিদ, জেলা বিএনপি সদস্য জানে আলম।
এসময় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাষ্টার আব্দুল করিম, শফিউল আলম শান্ত, জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক চাঁন মিয়া, যুগ্ম সম্পাদক আব্দু জব্বারসহ প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক অংশ নেন।
অঙ্গ সংগঠন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিউল আলম তাজ, যুব দলের সদস্য সচিব আবুল কালাম বাবুল,যুগ্ম আহবায়ক কাউছার, মোস্তফা কামাল, নোমান, রিয়াজ উদ্দিন, করিম, বেলাল, রুবেল, ছাত্রদলের সভাপতি হাবিব আজাদ, শ্রমিক নেতা রেজাউল করিমসহ বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদল, যুবদল, শ্রমিকদল সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এসময় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশে গণতন্ত্র নেই। থাকলে আমরা সভা- সমাবেশ করতে পারতাম। গণতন্ত্র উদ্ধারের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করে আমরা রাজপথ ছাড়বো। জনগণের সরকার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।




