নিজস্ব প্রতিবেদক: চকরিয়া উপজেলা ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ের পুরনো বই ও খাতাপত্র বিক্রির অভিযোগে দুই শিক্ষকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মঙ্গলবার রাতে গ্রেফতার করলেও আজ বুধবার (০৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে স্কুলের ম্যানেজিং কমিটির মধ্যস্থতায় তারা থানা থেকে ছাড়াপান। ভূল তথ্যে গ্রেফতার হলেও পরে যাচাই বাচাই করে তাদেরকে ছেড়ে হয় বলে জানান চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এঘটনা ঘটে।
ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বদিউল আলম জানান, সম্প্রতি বিদ্যালয়ের পুরনো ও পরিত্যাক্ত বই-খাতা গুলো বিক্রির জন্য ম্যানেজিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী বই ও খাতা গুলো স্থানীয় ক্রেতা তমিজ উদ্দিনকে বিক্রি করে দেন। মঙ্গলবার রাতে দুইটি মিনি ট্রাক নিয়ে পুরনো বই ও খাতাপত্র গুলো স্কুলের বাইরে নেওয়ার সময় মাতামুহুরী পুলিশ ফাঁড়িকে কেউ খবর দিলে ঘটনাস্থলে এসে দুইটি ট্রাক, চালক ও ক্রেতাকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, পরে আটকদের জিজ্ঞাসাবাদ করলে স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক কামাল উদ্দিন ও বাংলা বিভাগের শিক্ষক রুকন উদ্দিনের নাম বলেন। পরে পুলিশ বাড়ি থেকে দুই শিক্ষককেও গ্রেফতার করে। পুলিশকে কোন একটি মহল ভূল তথ্য দেওয়ায় তাদের গ্রেফতার করেন। পরবর্তীতে ম্যানেজিং কমিটির বৈঠকের কাগজপত্র দেখানোর পর বিকাল ৫টার দিকে গ্রেফতারকৃতদের ছেড়ে দেন পুলিশ।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, পুরনো বই ও পরিত্যাক্ত খাতাপত্র বিক্রি করার জন্য ম্যানেজিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত ছিলো। সেই হিসেবে বইগুলো বিক্রি করে। ভূল তথ্যে গ্রেফতার হলেও পরে যাচাই বাচাই করে পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পাঠ্যপুস্তক বিতরণ কমিটির সভাপতি জেপি দেওয়ান বলেন, সরকারি বইসহ ৫ জনকে আটক করে থানায় আনা হয়। পরে যাচাই-বাছাইয়ের কথা বলে যিনি জিম্মায় নিয়েছেন চুরির ঘটনা প্রমাণিত হলে বইসহ জিম্মায় নেয়া ব্যক্তিদের ফের পুলিশে হস্তান্তর করতে হবে। নচেৎ তিনিই দায়ী হবেন।




