চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: জনপ্রতিনিধিদের সহায়তায় জন্মসনদ পেয়েছে এক রোহিঙ্গা পরিবারের চার সদস্য। মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওই পরিবারের চার সদস্যকে জন্মসনদ পেতে সহায়তা করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা ভোটার তালিকায় অর্ন্তরভূক্ত হতে নানা তৎপরতা চালাচ্ছেন। বর্তমানে রোহিঙ্গা পরিবারটি কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএমচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বেতুয়ারকুল এলাকায় বসবাস করছেন।
অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজারের বিভিন্ন উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তাকর্মীদের ম্যানেজ করে রোহিঙ্গারা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। পরে তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ থেকে জন্মসনদ সংগ্রহ করে। এ কাজে তাদের সহায়তা করে যাচ্ছেন জনপ্রতিনিধি, ইউপি সচিব ছাড়াও নির্দিষ্ট দালাল চক্র। এভাবে রোহিঙ্গারা জন্মসনদ পেয়ে যাচ্ছেন। তারা জন্মসনদ পাওয়ার পর আইডি কার্ড, ভোটার তালিকায় অর্ন্তরভূক্ত ও পাসপোর্ট নিতে মরিয়া হয়ে উঠেন।
জানা যায়, মায়ানমার থেকে আসা একটি রোহিঙ্গা পরিবার চকরিয়া উপজেলা বিএমচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বেতুয়ারকুল এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। ওই পরিবারের সদস্যগণের পিতা নুর আহমদ-মাতা ছুরা খাতুনও মারা গেছেন অনেক আগে। পরিবারের অন্য একজন সদস্য প্রবাসে থাকলেও নুর আহমদের আরও চারজন সদস্য থাকেন বেতুয়ারকুল এলাকায়। তারা হলেন, মিজানুর রহমান (৩০), হালিমা সাদিয়া (২৩) আনোয়ারা সাদিয়া (২০) ও শামসুদ্দুহা (১৫)। তারাও সুযোগ বুঝে ভোটার তালিকায় অর্ন্তরভূক্ত হতে চেষ্ঠা চালিয়ে যান।
রোহিঙ্গাদের জন্মসনদ পেতে সুযোগ সৃষ্টি করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। বিএমচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার মিজান উদ্দিন রোহিঙ্গাদের জন্মসনদ পেতে সহায়তা করেছেন বলে জানান স্থানীয়রা।
স্থানীয় লোকজন জানান, মোটা অঙ্কের বিনিময়ে তাদেরকে জন্মসনদ দিয়েছেন। জন্মসনদ পেতে একটি নির্দিষ্ট ফরমে আবেদন করতে হয়। সেখানে স্থানীয় ইউপি সদস্যদের সুপারিশের মাধ্যমে পরিষদে পাঠানো হয়। ইউপি চেয়ারম্যান ও সচিবের স্বাক্ষর হলে জন্মসনদ দেওয়া হয়। ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মিজান উদ্দিন জন্মসনদ পেতে সহায়তা করেছেন।
বিএমচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জামাল উদ্দিন মনু জানান, তার ওয়ার্ডের সাবেক মেম্বার মিজান উদ্দিন টাকার বিনিময়ে অনেক রোহিঙ্গাকে জন্মসনদ দিয়েছেন। তারমধ্যে রোহিঙ্গা পরিবার নুর আহমদের দুই কন্যা ও দুই পুত্রকে জন্মসনদ পেতে সহায়তাও করেছেন তিনি।
এব্যাপারে বিএমচর ইউনিয়ন পরিষদের সচিব এরফানুল হক বলেন, জন্মসনদ পাওয়া পরিবারটির সদস্যরা রোহিঙ্গা কীনা জানি না। তবে কাগজপত্র গুলো পরিষদে পাঠিয়ে দিন। যাচাই বাচাই করে দেখা হবে জানান তিনি।
এব্যাপারে বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।



