লোহাগাড়া প্রতিনিধিঃ লোহাগাড়ায় চরম্বা ইউনিয়নে তেলিবিলা মৌজায় প্রতিপক্ষের বিরুদ্ধে খতিয়ানভুক্ত নিজ দখলীয় জমি থেকে উচ্ছেদসহ নানাভাবে ভয়ভীতি ও হুমকির অভিযোগ করেছেন স্থানীয় ডা. সোলতান আহমদ। গত ১৭ জানুয়ারি মঙ্গলবার এ ব্যাপারে লোহাগাড়ায় থানায় অভিযোগ আনা হয়েছে একই এলাকার বশির আহমদ, নুরুল আলম ও গোলাম রহমানসহ অজ্ঞাতনামা ৩/৪জনের বিরুদ্ধে।
অভিযোগপত্রে অভিযুক্তদের বিরুদ্ধে উৎশৃঙ্খলতা ও দখলবাজীসহ নানা অভিযোগ আনা হয়েছে। চরম্বা ইউপি চেয়ারম্যানের আত্মীয়তার ভিত্তিতে প্রভাববিস্তারের চেষ্টা চালাচ্ছে অভিযুক্তরা। অভিযুক্তরা দীর্ঘদিন থেকে অভিযোগকারী ডা. সোলতানের নিজস্ব ও পৈত্রিক সম্পত্তি অন্যায় ও অহেতুকভাবে দখলের চেষ্টা করে আসছে। এমনকি তারা অন্যায়ভাবে বোরো চাষের জন্য জমিতে চাষ দেওয়ার চেষ্টা করে গত ১৭ জানুয়ারী। এহেন কাজের বিরুদ্ধে প্রতিবাদ করা হলে তারা অভিযোগকারী ও তার পরিবারের সদস্যদেরকে জানে মেরে ফেলা ও মারধরসহ নাজেহাল করার এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেয়। ফলে অভিযুক্তদের হুমকি-ধমকিতে নিরাপত্তাহীনতার আশংকা প্রকাশ করছেন অভিযোগকারী ডা. সোলতান।
এ ব্যাপারে অভিযুক্ত বশির আহমদ জানান, তিনি অন্যায়ভাবে ডা. সোলতানের জায়গায় দখলের চেষ্টা করেননি। ডা. সোলতানের এক বোন থেকে খরিদাসূত্রে জমিতে চাষের জন্য কাজ করছি মাত্র। অভিযোগকারীর অভিযোগ সত্য নয়। তিনিও লোহাগাড়া থানায় ডা. সোলতানের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এ ব্যাপারে চেয়ারম্যান হেলাল উদ্দীন জানান, অভিযুক্তরা চেয়ারম্যানের প্রভাববিস্তারের প্রশ্নই আসে না।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, এ ব্যাপারে দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।




