লোহাগাড়া প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় বেড়েছে গরু চুরির ঘটনা। পালিত গরু চুরির ব্যাপারে আতংকে রাতযাপন করছে গৃহস্থরা। গত ১৩ জানুয়ারী শুক্রবার দিবাগত রাতে গর্বগতী গাভীসহ দুটি গরু চুরি হয়েছে লোহাগাড়া সদর ইউনিয়ন হতে। ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার গুল মোহাম্মদ পাড়ার তৌহিদের গোয়ালঘর হতে গরু দুটি চুরি হয়েছে বলে জানা যায়। স্থানীয় ওয়ার্ড মেম্বার নুরুল কবির ও এলাকার আবদুল নুর এ তথ্য জানিয়েছেন।
সূত্র মতে তৌহিদের বসতভিটার বাউন্ডারীওয়াল টপকে উঠানে প্রবেশ করে গরু চোর। এরপর গেটের ও গোয়ালঘরের তালা কৌশলে ভেঙ্গে চোরেরা নিয়ে গেছে গরু দুটি। গরু দুটির মূল্য অন্তত: দেড় লাখ টাকা বলে ধারণা করছেন অভিজ্ঞরা।
গত ৭ জানুয়ারী দিবাগত রাতে উপজেলার পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকার শাহাব উদ্দীনের গোয়ালঘর হতে চুরি হয়েছে ৩টি দামী গরু। স্থানীয় মেম্বার হোসাইন মোহাম্মদ শারফু গরু ৩টি চুরির ব্যাপারে নিশ্চিত করেছেন।
অপরদিকে, গত ৫ জানুয়ারী ভোররাতে উপজেলার আধুনগর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড এলাকার ওঝা পাড়া হতে দু’গৃহস্থের চুরি হয়েছে ৪টি গরু।
স্থানীয় আবদুল শুক্কুর ও শফিক আহমদের গোয়ালঘর হতে উক্ত চার গরু চুরি হওয়ার সংবাদ পাওয়া গেছে। আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দীন ওঝাপাড়া হতে গরু চুরির ঘটনা নিশ্চিত করেছেন।
স্থানীয় ওয়ার্ড মেম্বার আবুল হাছান জানান, দু’গৃহস্থের ঘরের দরজায় বাহির থেকে তালা দেয় চোরেরা। এরপর গরু চারটি নিয়ে যাওয়া হয় তাদের গোয়ালঘর হতে। এলাকাবাসীর মতে চোরেরা অস্ত্রসস্ত্রসহত ট্রাক নিয়ে আসে গরু চুরি করতে। চোরাই গরু ট্রাকবর্তী করে দ্রুত স্থান ত্যাগ করে।



