রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় বিড়ম্বনায় পড়েছেন সাধারণ জনগন। আজ শুক্রবার (০২ ডিসেম্বর) নগরীর ভদ্রা বাস স্টেশন ও শিরোইল বাস ট্রামিনাল এবং রেলওয়ে স্টেশনে মেলেনি টিকিট। টিকিট না থাকায় স্টেশনের প্ল্যাটফর্মেও বসতে দেননি স্টেশনে কর্মরত আনসার সদস্যরা।
রাজশাহী নগরীর অটোরিকশাচলকরা বলছেন, অন্যদিনের তুলনায় আজকে নগরীর ভেতরে যাত্রী কম। কারণ রাজশাহীর প্রবেশ পথগুলোতে পুলিশ যাত্রীদের ঢুকতে দিচ্ছে না। ফলে তাদের আয় কমে গেছে। এ কারণে পুষিয়ে নিতে ভাড়া বেশি নিচ্ছেন।
কাটাখালীর বাসিন্দা অটোরিকশাচালক এ প্রতিবেদককে জানান, ‘কাটাখালী পর্যন্ত গাড়িতে লোক আসছে, কিন্তু পুলিশ ঢুকতে দিচ্ছে না। বাইরে থেকে গাড়ি শহরে আসছে না, সে কারণে ভাড়াও নেই। শহরের ভেতরেই যে দুই-একটি ভাড়া হচ্ছে। আগে ঘণ্টায় ২০০ থেকে আড়াইশো টাকা আয় হতো। আজ এক ঘণ্টায় ৮০ টাকা আয় হয়েছে।’
আরেক অটোরিকশাচালক বলেন, ‘গাড়ি নিয়ে রাজশাহীর বাইরে বের হতে কোনও সমস্যা হচ্ছে না। তবে শহরে ফেরার পথে পুলিশ বাধা দিচ্ছে। নগরীর প্রবেশপথ বেলপুকুর, বানেশ্বর, কাশিয়াডাঙ্গা ও আমচত্বরে পুলিশ গাড়ি আটকাচ্ছে। যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে বিভিন্ন প্রশ্ন করছে।’ ‘শহরের মধ্যে যাত্রী কম। ফলে এখান থেকে যাত্রী নিয়ে নাটোরের দিকে যাচ্ছি। আজ আর আসবো না। ওদিকে গাড়ি চালাবো। বিএনপির সমাবেশ শেষ হওয়ার আগ পর্যন্ত ওদিকেই থাকবো।’
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মোটরসাইকেল আরোহীসহ সাধারণ মানুষকে থামিয়ে জিজ্ঞাসা বাদ করছে।
এ বিষয়ে বোয়ালিয়া থানা পুলিশ জানান, ‘সমাবেশকে কেন্দ্র করে কেউ যেন অরাজকতা সৃষ্টি করতে না পারে সে কারণে টহল বাড়ানো হয়েছে।’
বিএনপি নেতাদের অভিযোগ, শনিবারের গণসমাবেশে বাধা দিতেই পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিকল্প পরিবহনে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এলেও পথে পথে গাড়িতে তল্লাশি করছে পুলিশ। রাস্তায় গাড়ি আটকে ফেরত পাঠানো হচ্ছে।
এদিকে বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘রাজশাহী বিভাগের আট জেলা থেকেই নেতাকর্মীরা বিকল্প পরিবহনে রাজশাহী আসছেন। সরকার যতভাবেই চেষ্টা করুক গণসমাবেশে জনস্রোত নামবেই। শত বাধা উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা বুধবার রাত থেকেই রাজশাহীতে আসছেন।’ আগামীকাল ০৩ ডিসেম্বরের গণসমাবেশ বানচাল করতে কিছু অতি উৎসাহী পুলিশ নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়েছেন। বিভাগজুড়ে এ পর্যন্ত শতাধিক মামলা করা হয়েছে। তারপরও রাজশাহীতে দেশের সবচেয়ে বড় গণসমাবেশ হবে। অন্তত ১৫ লাখ নেতাকর্মী যোগ দেবেন।’




